স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা ২৯২ বল উইকেটশূন্য ছিলেন জাসপ্রিত বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দেওয়া বুমরাহর যেন ঘাম ছুটে গেছে উইকেট তুলতে। অবশেষে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে সেই খরার অবসান ঘটিয়েছেন তিনি। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
বুমরাহর এই ২৯২ বলের উইকেটখরা শুরু হয়েছিল ওয়েলিংটন টেস্টে, যার সমাপ্তি ঘটে ক্রাইস্টচার্চে এসে। বলের হিসাবে এটিই তাঁর টেস্ট ক্যারিয়ারের দীর্ঘতম উইকেটশূন্য সময়।
চলতি দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন বুমরাহ। তবে দ্বিতীয় ইনিংসে পান মাত্র একটি উইকেট। এরপর ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ২৬ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পাননি তিনি। ৬টি মেডেনসহ ৪৯ রান খরচ করেন ভারতীয় এই পেসার। তার বোলিং ফিগার ছিল ২৬-৬-৪৯-০।
অবশেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ২৯২ বলের অপেক্ষার অবসান ঘটান বুমরাহ। ১৫ বলে ৮ রান করে ফেরেন কিউই অধিনায়ক। চলতি সিরিজে বুমরাহর বলে এ নিয়ে তিনবার আউট হলেন তিনি।
এরপর ১৮তম ওভারে হেনরি নিকোলসকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটটি তুলে নেন বুমরাহ। এর কিছুক্ষণ পর ডেভন কনওয়ের ক্যাচ নেওয়ার সুযোগ তৈরি হলেও প্রথম স্লিপে কঠিন ক্যাচটি তালুবন্দি করতে পারেননি লোকেশ রাহুল।
বুমরাহর এই দীর্ঘ উইকেটখরা তার স্বাভাবিক বোলিং সামর্থ্যের তুলনায় বেশ অস্বাভাবিক। টেস্টে অন্তত ২০০ উইকেট নেওয়া ৮৭ জন বোলারের মধ্যে স্ট্রাইক রেটের হিসাবে তার অবস্থান চতুর্থ। বুমরাহর টেস্ট স্ট্রাইক রেট ৪৩.৭। অর্থাৎ গড়ে প্রতি ৪৩.৭ বলেই একটি উইকেট পেয়েছেন তিনি। এদিকে তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। সব মিলিয়ে তাদের লিড ২৪৩ রান।