সংবাদ মাধ্যম কুয়েত টাইমস: ফজরের নামাজে মসজিদ খালি! এমন দৃশ্যে সারা বিশ্বেই বেশ পরিচিত। তবে দৃশ্যটা এখন বদলাতে শুরু করেছে। আফ্রিকা থেকে শুরু। এরপর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে ‘রিজালুল ফজর’ বা ‘মেন অফ ফজর’ উদ্যোগ। এই উদ্যোগের ফলে এখন ফজরের নামাজে দেখা যাচ্ছে নজিরবিহীন মুসল্লির উপস্থিতি।
কুয়েতভিত্তিক সংবাদ মাধ্যম কুয়েত টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতে ‘মেন অব ফজর’ উদ্যোগে ফজরের নামাজে মসজিদে ভিড় জমেছে কয়েক গুণে। শুক্রবার বায়ানের মোজা মুহাম্মদ সালেম মসজিদে ৫০০-র বেশি মুসল্লি জড়ো হন। তাদের মধ্যে ছিলেন অভিভাবক ও শিশুরা। এই উদ্যোগের লক্ষ্য শিশু ও তরুণদের মসজিদে ফজরের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা।
কুয়েত এই উদ্যোগ গ্রহণ করা কয়েকটি আরব ও মুসলিম দেশের একটি। চলতি মাসের শুরুতে উদ্যোগটি আফ্রিকান দেশ আলজেরিয়ায় শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন এবং উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশে। যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু মসজিদেও উদ্যোগটি পৌঁছেছে।
কুয়েতে উদ্যোগটি শুরু করেছেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান। তিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত। উদ্যোগের মাধ্যমে অভিভাবকদের উৎসাহ দেওয়া হয়, যেন তারা সন্তানদের মসজিদে নিয়ে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ান। এতে ছোটবেলা থেকেই শিশুদের মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। নামাজের প্রতি ভালোবাসাও জন্মায়।
আয়োজকের ভাষ্য, মোজা মুহাম্মদ সালেম মসজিদে উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। মসজিদ ও এর বাইরের আঙিনা ভরে যায়। এতে এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণ বোঝা যায়।
শেখ আহমদ আল-নাফিস ফজরের নামাজে ইমামতি করেন। পরিবার ও শিশুদের নিয়ে এই জামাত হয়। সেখানে ছিল একটি অভিন্ন লক্ষ্যের পরিবেশ। লক্ষ্য হলো, নতুন প্রজন্ম যেন মসজিদের সঙ্গে সম্পর্ক ধরে রাখে। অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা। ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিরা এবং সমাজকর্মীরাও।
আয়োজক বু জাররাহ বলেন, উদ্যোগটি শুধু ফজরের নামাজে উপস্থিতির বিষয় নয়। এটি একটি বড় সামাজিক বার্তা। লক্ষ্য হলো এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা নামাজে অবিচল থাকবে। মসজিদে যাওয়া হবে তাদের প্রতিদিনের জীবনের নিয়মিত অংশ।
উদ্যোগটি প্রথম শুরু করেন আলজেরিয়ার এক শিক্ষক। তিনি শিশুদের মসজিদে ফজরের নামাজে আসতে উৎসাহ দেন। উৎসাহ দিতে একটি ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব শিশু টানা ৪০ দিন মসজিদে ফজরের নামাজ পড়ে, তাদের পুরস্কার দেওয়া হয়।
কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় ‘মেন অব ফজর’ এখন বাড়তে থাকা এক সামাজিক উদ্যোগ। এটি ধর্মীয় চর্চাকে ঘিরে পরিবারগুলোকে একসঙ্গে আনছে। অভিভাবকদের সন্তানের আধ্যাত্মিক অভ্যাস গড়ে তোলায় সক্রিয় ভূমিকা নিতে উৎসাহ দিচ্ছে।