শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রের ৫ হাজার ফুট গভীরে ফ্রিজ-ওয়াশিং মেশিনের বিশাল ভাণ্ডার, নাম দেওয়া হলো ‘ডিপ ক্লিন’

মেক্সিকো উপসাগরে একটি রহস্যময় জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান করতে গিয়ে সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার খুঁজে পেয়ে রীতিমতো বিস্মিত হয়েছিলেন মার্কিন বিজ্ঞানীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার (৫ হাজার ফুট) গভীরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব গৃহস্থালি সামগ্রী মূলত সমুদ্রে হারিয়ে যাওয়া একটি পণ্যবাহী কনটেইনারের অংশ ছিল।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) ‘ওকিয়ানোস এক্সপ্লোরার’ জাহাজের এক অভিযানে এই অদ্ভুত দৃশ্য আবিষ্কৃত হয়, যা সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম ‘সায়েন্সঅ্যালার্ট’-এর প্রতিবেদনের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।

সামুদ্রিক জীববিজ্ঞানী ডিভা আমন এবং চার্লস মেসিংয়ের নেতৃত্বাধীন গবেষক দলটি এই স্থানের নাম দিয়েছে ‘ডিপ ক্লিন’। অভিযানের সময় তাদের সোনার যন্ত্রে সমুদ্রের তলদেশে ছোট ছোট বস্তুবেষ্টিত একটি বড় কাঠামোর সংকেত ধরা পড়ে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, এটি কোনও ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ।

তবে ডিভা আমন ও তার দল দূরনিয়ন্ত্রিত রোবট যান (আরওভি) নামানোর পর ভিন্ন চিত্র দেখতে পান। সেখানে কোনও জাহাজের বদলে সাদা রঙের অসংখ্য গৃহস্থালি যন্ত্রপাতি (যার কিছু ফেটে খোলা অবস্থায় ছিল) এবং একপাশ ক্ষতিগ্রস্ত একটি লাল রঙের শিপিং কনটেইনার পড়ে থাকতে দেখা যায়, যেখান থেকে আরও যন্ত্রপাতি বেরিয়ে আসছিল।

Advertisement

অভিযানের আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, কনটেইনারটির শনাক্তকরণ নম্বর ছিল ‘আইটিএলইউ৭৩৩০১৬০’। এতে জিই এবং আরসিএ-এর মতো ব্র্যান্ডের যন্ত্রপাতি ছিল। সেগুলোর গায়ে কোনও প্যাকেজিং না থাকায় ধারণা করা হচ্ছে, যন্ত্রগুলো রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। একটি যন্ত্রের গায়ে লাগানো স্টিকার থেকে জানা যায়, সেটি যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে অবস্থিত জেনারেল ইলেকট্রিকের অ্যাপ্লায়েন্স পার্কে তৈরি হয়েছিল।

আরওভি দিয়ে সমুদ্রের তলদেশের এই আবর্জনার স্তূপ পর্যবেক্ষণের সময় দলের এক সদস্য বিস্ময় প্রকাশ করে বলেন, আমরা গভীর সমুদ্রের ১ দশমিক ৫ কিলোমিটার নিচে আছি। আর এখানে আমরা কেবল ফ্রিজার, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের একটি মাঠের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা গভীর সমুদ্রকে মানুষ্যসৃষ্ট প্রভাবমুক্ত একটি অক্ষত জায়গা হিসেবে ভাবি, কিন্তু এই দৃশ্য মনে করিয়ে দেয় যে তা মোটেও সত্য নয়। এই ভিন্নধর্মী বাস্তুতন্ত্রেও আমরা আমাদের প্রভাব ফেলছি।

নোয়া-র গবেষক দলের ধারণা, ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে কোনও জাহাজ থেকে কনটেইনারটি সমুদ্রে পড়ে গিয়েছিল। ওয়ার্ল্ড শিপিং কাউন্সিলের তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতি বছর পরিবাহিত প্রায় ২৮ কোটি কনটেইনারের মধ্যে কয়েকশ থেকে এক হাজারেরও বেশি কনটেইনার সমুদ্রে হারিয়ে যায়।

কাউন্সিলের ২০২৫ সালের পরিসংখ্যানবিষয়ক সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈরী আবহাওয়া এ ধরনের ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। এমনকি ঝড় না থাকলেও স্বাভাবিকের চেয়ে উষ্ণ সমুদ্রের তাপমাত্রা ঢেউয়ের শক্তি বাড়িয়ে কনটেইনার পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গভীর সমুদ্রের খাতেও মানুষের কর্মকাণ্ডের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। সমুদ্রের তলদেশে পড়ে থাকা এসব কনটেইনার ও যন্ত্রপাতি সম্পূর্ণরূপে ক্ষয় হতে কয়েকশ বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ