শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস ◈ প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, পেছনে ভারত-চীন: গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন (ভিডিও) ◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০১:২৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট

যুক্তরাষ্ট্রে নতুন করে বসবাসের জন্য মানুষের পছন্দের শীর্ষ ১০ শহরের তালিকায় জায়গা করে নিয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস। নতুন এক গবেষণায় শহরটি আটলান্টার সঙ্গে যৌথভাবে দশম অবস্থানে রয়েছে। তালিকায় প্রথম হয়েছে নর্থ ক্যারোলাইনার শার্লট। এরপর রয়েছে টেক্সাসের অস্টিন ও ডালাস। বাড়ি ও পোষা প্রাণীর দেখাশোনাবিষয়ক প্ল্যাটফর্ম ট্রাস্টেডহাউসসিটার্সের (TrustedHousesitters) প্রকাশিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

২০২৬ সালের ২৭ অক্টোবর প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্রের ৫০টি বড় শহরকে বিবেচনায় নেওয়া হয়েছে। কোন শহরে মানুষ বেশি যেতে আগ্রহী, কোথায় বাস্তবে মানুষের বসতি বাড়ছে এবং কোন শহর সম্পর্কে অনলাইনে বেশি খোঁজ করা হচ্ছে—এসব বিষয় বিশ্লেষণ করে তালিকা তৈরি করা হয়েছে।

গবেষণায় চারটি বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো ২০২৪–২৫ সময়ে অভ্যন্তরীণ অভিবাসনের মাধ্যমে নতুন বাসিন্দা যোগ হওয়ার সংখ্যা, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট অভিবাসন প্রবাহ, প্রতি এক হাজার বাসিন্দার বিপরীতে নতুন বাসিন্দা যোগ হওয়ার হার এবং গুগলে সংশ্লিষ্ট শহরে বসবাস ও স্থানান্তর নিয়ে মাসিক অনুসন্ধানের পরিমাণ।

গবেষণার অন্যতম আকর্ষণীয় তথ্য হলো, মিনিয়াপোলিস নিয়ে অনলাইনে মানুষের আগ্রহ বেশ উল্লেখযোগ্য। ‘মুভিং টু মিনিয়াপোলিস’ এবং ‘লিভিং ইন মিনিয়াপোলিস’ লিখে গুগলে অনুসন্ধানের পরিমাণ অস্টিন ও হিউস্টনের তুলনায় বেশি পাওয়া গেছে। অনলাইনে এই আগ্রহ শহরটিকে শীর্ষ দশের তালিকায় জায়গা পেতে সহায়তা করেছে।

Advertisement

শুধু অনলাইন অনুসন্ধানেই নয়, বাস্তবেও মিনিয়াপোলিস ও সেন্ট পলকে ঘিরে মানুষের বসতি বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরোর জনসংখ্যাবিষয়ক হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য থেকে টুইন সিটিজ মেট্রো এলাকায় যত মানুষ এসেছেন, চলে গেছেন তার চেয়ে ৭ হাজার ৬৯০ জন কম।

জন্ম ও আন্তর্জাতিক অভিবাসন যুক্ত হওয়ার পর ২০২৫ সালের জুলাইয়ে এ অঞ্চলের আনুমানিক জনসংখ্যা দাঁড়ায় ৩৭ লাখ ৯০ হাজারে।একই সময়ে মিনেসোটা অঙ্গরাজ্যেও অভ্যন্তরীণ অভিবাসনে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। অন্যান্য অঙ্গরাজ্য থেকে মিনেসোটায় আসা মানুষের সংখ্যা ছেড়ে যাওয়া মানুষের চেয়ে ৮ হাজার ৩০০ বেশি ছিল। ২০১৮ সালের পর এই প্রথম অভ্যন্তরীণ অভিবাসনে অঙ্গরাজ্যটির নিট প্রবৃদ্ধি দেখা গেছে। নতুন বাসিন্দাদের সবচেয়ে বেশি এসেছেন প্রতিবেশী উইসকনসিন থেকে। এরপর রয়েছে ক্যালিফোর্নিয়া, নর্থ ডাকোটা, ফ্লোরিডা, আইওয়া ও ইলিনয়।

মিনিয়াপোলিসের প্রতি মানুষের আগ্রহের পেছনে জীবনযাত্রার কিছু সুবিধাও রয়েছে। স্মার্টঅ্যাসেটের এক বিশ্লেষণে মিনিয়াপোলিস–সেন্ট পলকে মধ্য-পশ্চিমাঞ্চলের এমন একটি মেট্রো এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটানোর পর বাসিন্দাদের হাতে কর দেওয়ার আগেই বছরে আনুমানিক ২৫ হাজার ৩০০ ডলার অবশিষ্ট থাকে। এ ছাড়া অবসরজীবন কাটানোর জন্যও শহরটিকে শীর্ষ ১০-এর মধ্যে রেখেছে ওয়ালেটহাব।এ অঞ্চলের অসংখ্য হ্রদ, হাজার হাজার মাইল পাকা সাইকেল চলাচলের পথ, থিয়েটার, রেস্তোরাঁ এবং বিভিন্ন পেশাদার ক্রীড়া দলের উপস্থিতিও নতুন বাসিন্দাদের আকর্ষণ করছে বলে স্থানীয় পর্যটন সংস্থাগুলো উল্লেখ করেছে।

  • সর্বশেষ