লাইভ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় ড্রোনের আঘাতে আহত হয়েছেন বলিউডের ‘ধুরন্ধর’ সিনেমার গায়িকা রেবল। ভারতের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের সময় হঠাৎ একটি ড্রোন এসে তার মুখে আঘাত করে। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে গান থামিয়ে মঞ্চ ছেড়ে চলে যান তিনি। এরই মধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুয়াহাটির ওই অনুষ্ঠানে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করছিলেন রেবল। ‘ধুরন্ধর’ সিনেমার আলোচিত গান ‘রান ডাউন দ্য সিটি’ গাওয়ার পাশাপাশি মঞ্চে নাচছিলেন তিনি। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারানো একটি ড্রোন এসে তার মুখে আঘাত করে।
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান এই শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে আঘাত পাওয়ার পর আতঙ্কিত অবস্থায় কাঁপতে কাঁপতে মঞ্চ থেকে নেমে যেতে দেখা যায়। এ ঘটনার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।
রেবলের প্রকৃত নাম দায়ইফা লামারে। তিনি ভারতের মেঘালয়ের বাসিন্দা। ‘ধুরন্ধর’ সিনেমায় ‘রান ডাউন দ্য সিটি’ ছাড়াও ‘মণিকা’ ও ‘নাল নচনা’ গান পরিবেশন করে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত রেবল কিংবা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে লাইভ অনুষ্ঠানে এ ধরনের দুর্ঘটনা শিল্পীদের নিরাপত্তা এবং মঞ্চে ড্রোন ব্যবহারের নিয়মকানুন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।