স্পোর্টস ডেস্ক : পাকিস্তান নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য প্রকাশিত নতুন চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৮ ক্রিকেটার। অথচ গত মৌসুমে পাঁচটি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ ছিলেন ২০ জন। শুক্রবার নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি।
পুরুষ ক্রিকেটারদের চুক্তি ফরম্যাটভিত্তিক হলেও নারী ক্রিকেটারদের ক্ষেত্রে আগের মতোই ক্যাটাগরি অনুসরণ করেছে বোর্ড। তবে এবার পাঁচটি ক্যাটাগরি কমিয়ে আনা হয়েছে তিনটিতে।
সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুনিবা আলি, সিদরা আমিন ও বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু।
অন্যদিকে, ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ওপেনার গুল ফিরোজা, সাদাফ শামাস ও আয়েশা জাফর।
পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ফিটনেস বিবেচনায় নিয়ে ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। চুক্তির মেয়াদেও নিয়মিত ফিটনেস মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রত্যেক ক্রিকেটারকে নির্ধারিত ফিটনেস মান বজায় রাখতে হবে।
গত মৌসুমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির পাশাপাশি ‘ডি’ এবং ‘ইমার্জিং’ ক্যাটাগরিও ছিল। এবার সেগুলো বাদ দিয়ে চুক্তির আওতাভুক্ত ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে কমিয়ে ৮ জনে নামিয়ে এনেছে পিসিবি।
এদিকে, সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ২৪ বছর বয়সী ফাতিমা সানা ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। সম্প্রতি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, সাদিয়া ইকবালও বোলিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এর আগে আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার।