নিজস্ব প্রতিবেদক: পিটার বাটলারের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ এরিক মারের অধীনে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ফরাসি এই কোচ। ২০২৬ এশিয়ান গেমসের দল থেকে ছয়টি পরিবর্তন এনেছেন তিনি। নতুন মুখ হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।
চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে গেছেন পিটার বাটলার। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়া এরিক মারে গত ৯ নভেম্বর ঢাকায় আসেন। এরপর চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় তিন সপ্তাহের নিবিড় অনুশীলন ক্যাম্প পরিচালনা করেন তিনি। ক্যাম্প শেষে গত শুক্রবার ঢাকায় ফিরেছে দল।
নতুন কোচের অধীনে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন হিমি ও আইরিন জুনিয়র। রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন হিমি। এ ছাড়া দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার।
সিঙ্গাপুর সফরের প্রস্তুতির শেষ ধাপ শুরু হয়েছে রোববার থেকে। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে দল। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন মারিয়া মান্দারা।
প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না মারে। তবে স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে হতাশ নন এই ফরাসি কোচ। সিঙ্গাপুরের মাঠে দুটি ম্যাচেই জয়ের লক্ষ্য তাঁর।
সিঙ্গাপুর সফরের বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি।
ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আফরিন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা, স্বপ্না রানী।
ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা।