সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে চলতি বছরে বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে মোট ৩২৩ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ৪১ জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত বিভিন্ন স্থানে কিংবা কারাগারে বন্দি করে রাখা হয়।
আটক জেলেদের পরিবারের দুর্দশা ও মানবিক দিক বিবেচনায় তাদের দেশে ফিরিয়ে আনতে তৎপরতা চালিয়ে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
দেশে ফিরে আসা জেলেদের পরিচয় যাচাইয়ে কাজ করছে স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেলেদের ফিরে আসার খবরে পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ৩২৩ জেলের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন। এখনো আটক থাকা জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয় ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।