শিরোনাম
◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

ঢাকার পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে আমদানিনির্ভর বিভিন্ন মসলা ও শুকনা ফলের দাম বেড়েছে। পণ্যভেদে কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারাও। সূত্র: ডেইলি স্টার

রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকা।

লবঙ্গের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ টাকা। একইভাবে জিরা ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

এ ছাড়া পেস্তাবাদামের কেজি ৩ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ টাকা থেকে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।

সজীব মিয়া বলেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ দুই-তিনটি দোকানে দাম যাচাই করে আবার ফিরে আসছেন, আবার অনেকে কিছু না কিনেই চলে যাচ্ছেন।

ইব্রাহিমপুর কাঁচাবাজারের হাশেম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, কচুক্ষেতের পাইকারদের কাছ থেকে জিরা কিনতে এখন কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা তিনি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা বিক্রি করছেন ৭০০ টাকায়। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে বলে জানান তিনি।

কারওয়ান বাজারের পাইকারি মসলার দোকান রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলও মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

সাইদুলের তথ্য অনুযায়ী, ভারত থেকে জিরা ও এলাচসহ বেশ কয়েক ধরনের মসলা আমদানি করা হয়। ঢাকার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা তার দোকান থেকে পণ্য কিনে সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

অন্যদিকে, মিরপুরের পল্লবীর কালশী বাজারের খুচরা বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনলেও এবার তাঁকে কিনতে হয়েছে ৬২০ টাকায়। এ ছাড়া তিনি ২০ কেজি করে হলুদ ও মরিচ কিনেছেন। এ দুটি পণ্যের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

শাহীন শেখ বলেন, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে বিক্রির ওপর।

  • সর্বশেষ