স্পোর্টস ডেস্ক: জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। চারদিকে আটলান্টিক মহাসাগর। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, প্রতিকূল আবহাওয়া আর নানা অবকাঠামোগত সংকট। এত বাধা পেরিয়েই আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করে ইতিহাস গড়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের কৃতিত্ব অর্জন করেছে তারা।
রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জিতেছে স্বাগতিক ফকল্যান্ড। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কোনো ক্রীড়া সংস্থার স্বীকৃত প্রতিযোগিতাও প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দ্বীপপুঞ্জটিতে।
সিরিজ আয়োজন অবশ্য সহজ ছিল না। ফকল্যান্ডে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, সেটিও আসে চিলির সান্তিয়াগো থেকে। ফলে বিদেশি দলকে আমন্ত্রণ জানানো, যাতায়াতের ব্যবস্থা করা এবং অর্থের সংস্থান করতে আয়োজকদের দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে।
ফকল্যান্ডের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সেসিল আলেকজান্ডার জানিয়েছেন, একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে কখনো কখনো এক বছরেরও বেশি সময় লাগে। বিমান টিকিটের ব্যবস্থা, অর্থায়ন এবং খেলোয়াড়দের কর্মস্থল থেকে ছুটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
দ্বীপপুঞ্জটিতে ক্রিকেটের ইতিহাস অবশ্য শত বছরের পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশক থেকেই সেখানে ক্রিকেট খেলার প্রচলন। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পাওয়ার পর ২০১৭ সালে সহযোগী সদস্যের মর্যাদা পায় দেশটি।
কোস্টারিকার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন সেসিল আলেকজান্ডারের ছোট ভাই জ্যাকো আলেকজান্ডার। ৭৫-এর বেশি গড়ে আট ম্যাচে তাঁর সংগ্রহ ৩৭৬ রান।
তবে ক্রিকেটের এই অগ্রযাত্রায় বড় বাধা জনসংখ্যা ও খেলোয়াড়ের স্বল্পতা। ফকল্যান্ডে ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষের সংখ্যা আনুমানিক ৫০০। তাই জাতীয় দলের ক্রিকেটারদেরই মাঠের বাইরেও সামলাতে হয় বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব। সীমিত সামর্থ্য নিয়েও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়ল ছোট্ট দ্বীপপুঞ্জটি।