স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের প্রথম একাদশে মহম্মদ সিরাজের জায়গা না পাওয়া নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে এই পেসারকে না রাখায় বৈষম্যের অভিযোগ তুলেছে কংগ্রেস। দল থেকে বাদ পড়ার পেছনে সিরাজের ধর্মীয় পরিচয়কে কারণ হিসেবে ইঙ্গিত করেছেন দলটির সংসদ সদস্য ইমরান মাসুদ। তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
নিউজিল্যান্ডের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নেমেছে ভারত। একাদশে রয়েছেন জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, অংশুল কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁদের মধ্যে প্রসিদ্ধের পারফরম্যান্স নিয়েই বেশি প্রশ্ন উঠেছে। ১০০ রান খরচ করে পেয়েছেন মাত্র একটি উইকেট। এমন পরিস্থিতিতে ধারাবাহিক পারফরম্যান্সের পরও সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। --- সংবাদপ্রতিদিন
এ নিয়ে আরও সরব হয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর প্রশ্ন, ‘ওর নাম সিরাজ, এটাই কি বাদ পড়ার জন্য যথেষ্ট নয়?’ তাঁর দাবি, ভালো পারফরম্যান্সের পরও সিরাজ দলে জায়গা পাচ্ছেন না। এর পেছনে বৈষম্য ছাড়া অন্য কোনো কারণ দেখছেন না তিনি।
ইমরানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। তাঁর অভিযোগ, ক্রিকেটের মতো ক্ষেত্রেও ভোটের রাজনীতি ঢোকাচ্ছে কংগ্রেস। সিরাজকে বাদ দেওয়ার সঙ্গে তাঁর ধর্মীয় পরিচয়কে জড়িয়ে দলটি সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে। ভাণ্ডারীর ভাষায়, প্রত্যেক ক্রিকেটারই ভারতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁদের পারফরম্যান্সের বাইরে অন্য পরিচয় টেনে আনা উচিত নয়।
সিরাজের সাম্প্রতিক দলীয় অবস্থানও আলোচনায় এসেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মোহাম্মদ শামির সঙ্গে ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা ছিলেন তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন এই পেসার। তবে সাদা বলের ক্রিকেটে ধীরে ধীরে নিয়মিত জায়গা হারিয়েছেন। ওয়ানডেতে মাঝেমধ্যে সুযোগ পেলেও আগের মতো অপরিহার্য নন।
টেস্ট ক্রিকেটে অবশ্য দীর্ঘদিন ধরে ভারতের নিয়মিত পেসার ছিলেন সিরাজ। বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ কিংবা হর্ষিত রানার চোটের সময়ও দায়িত্ব সামলেছেন ধারাবাহিকভাবে। পারফরম্যান্সের পাশাপাশি দলের জন্য টানা খেলার নজিরও রয়েছে তাঁর। এমন একজন পেসারকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাইরে রাখার সিদ্ধান্তই এখন ক্রিকেটীয় আলোচনাকে ছাপিয়ে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।