স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের কেপটাউন টেস্টের বলবিকৃতি কাণ্ড যেন আবারও তোলপাড় শুরু করেছে অস্ট্রেলীয় ক্রিকেটে। আট বছর আগের সেই ঘটনা নিয়ে নতুন করে মুখ খুলে সতীর্থদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন উসমান খাজা। তাতেই ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফ্যানি ডিভিলিয়ার্স। খাজাকে নিজের দেখা ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন তিনি। বিতর্কের মধ্যেই এবার বিষয়টি নিয়ে সরব হয়েছে অস্ট্রেলিয়া সরকার। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে তারা।
এক রেডিও অনুষ্ঠানে ডিভিলিয়ার্স বলেন, ‘ক্রিকেটে আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক খাজা। ৪০-৫০ বছর ধরে ক্রিকেট দেখার অভিজ্ঞতা থেকে বলছি। সে সব শৃঙ্খলাভঙ্গ করেছে, নিজের সতীর্থদেরই বিক্রি করে দিয়েছে। কে ঠিক, কে ভুল, সেই বিতর্কে যেতে চাই না। তবে ওই ঘটনার যথাযথ নিষ্পত্তি হয়েছিল। ঘটনাটি অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসের অংশ হয়ে গেছে। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
পুরোনো বিতর্ক নতুন করে সামনে আনায় উসমান খাজার ওপর আরও বেশি ক্ষুব্ধ ডিভিলিয়ার্স। তাঁর মতে, আট বছর আগের ঘটনা আবার সামনে এনে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন খোয়াজা। এতে দলের ভেতরের ঐক্য ও শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সমর্থন পেয়েছেন প্যাট কামিন্সরা। তবে ভনের ধারণা, বলবিকৃতি কাণ্ড নিয়ে বিতর্ক এখানেই থামছে না। আগামী দিনেও এ নিয়ে আলোচনা চলবে, মুখ খুলতে পারেন আরও অনেকে।
বিতর্কের মধ্যে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী আনিকা ওয়েলসের এক প্রতিনিধি জানিয়েছেন, তদন্ত কীভাবে পরিচালিত হবে, তা ক্রিকেট অস্ট্রেলিয়াই ঠিক করবে। তবে দেশটির মানুষের প্রত্যাশা, নতুন করে কোনো তদন্ত হলে তা হবে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ।
ওই প্রতিনিধি আরও বলেন, আপাতত অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুন্দর একটি গ্রীষ্মের অপেক্ষায় রয়েছে সরকার। একই সঙ্গে দেশের ক্রিকেটের পাশে সবাইকে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।