মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা : রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ-২-এর লা মেরিডিয়ান হোটেলের ফুটওভার ব্রিজসংলগ্ন এলাকায় মাদকসেবন, ফুটপাত দখল ও ছিনতাইয়ের অভিযোগ বাড়ছে। পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও সিটি হাসপাতালের কাছাকাছি গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একদল ভাসমান শিশু-কিশোর ও তরুণের আনাগোনা দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ২৫ বছর বয়সী ২০-২৫ জনের একটি দল সেখানে নিয়মিত জড়ো হয়। তাদের একটি অংশ প্রকাশ্যে সিগারেট, গাঁজা ও গামসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ফুটপাতের ওপর বিছানা পেতে ঘুমানো ও রান্নাবান্নার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এদের কয়েকজনের বিরুদ্ধে ছিনতাই ও পথচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে।
এ পরিস্থিতিতে বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা ওই এলাকা দিয়ে চলাচলের সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষা
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, বিষয়টি স্থানীয় থানা ও সিটি করপোরেশনকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। কোনো শিশু-কিশোরের প্রতি অমানবিক আচরণ তারা চান না। তবে মানবিকতার বিষয়টি বিবেচনায় রাখতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি দ্রুত বিশেষ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং মাদকের পেছনে থাকা মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অসহায় ও পরিবারবিচ্ছিন্ন শিশুদের পুনর্বাসনেরও আহ্বান জানান তিনি।
মাদকমুক্ত ও নিরাপদ নিকুঞ্জ গড়ার আহ্বান
নিকুঞ্জ ইমাম-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাঈদ আল হাবিব বলেন, প্রকাশ্যে মাদকসেবন এবং চলাচলের পথ দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব শিশু-কিশোরের হাতে কারা মাদক তুলে দিচ্ছে, সেই অসাধু চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাসিন্দাদের উদ্বেগ
নিকুঞ্জের স্থায়ী বাসিন্দা আসজাদুর রহমান মিঠু বলেন, এলাকার সন্তান ও পরিবারের নিরাপদ বসবাসের পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই। শুধু একবার অভিযান চালিয়ে দায়িত্ব শেষ না করে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসহায় শিশুদের প্রকৃত অবস্থা যাচাই করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
যা বলছে পুলিশ প্রশাসন
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, বিষয়টি পুলিশের নজরে রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ও ভাসমান শিশু-কিশোরদের পুনর্বাসনের বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।
স্থায়ী সমাধানের দাবি
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে। তাদের মতে, শুধু সাময়িক অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। সন্ধ্যা ও রাতে নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং পুলিশ, সিটি করপোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিকুঞ্জ এলাকায় নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।