রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পরপরই রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বরে টেকনিক্যালগামী সড়কের ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, যাত্রী নামানোর জন্য বাসটি বাসস্ট্যান্ডে থেমেছিল। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা গানপাউডারজাতীয় পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, আগুন লাগার পর বাসে থাকা চালক, হেলপার ও যাত্রীরা নিরাপদে নেমে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।