শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস ◈ বিকাশ-নগদসহ এমএফএসে সেন্ড মানি চার্জ এক নয়, সংসদে জানালেন অর্থমন্ত্রী ◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

মনিরুল ইসলাম: উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়ার পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ পাস হয়েছে। এর মধ্য দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে বগুড়ায় একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পথ তৈরি হলো।

আজ সোমবার  ১৬ নভেম্বর  জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

এর আগে বিলটির ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

সংসদে উপস্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবরণীতে বলা হয়েছে, বগুড়া ও এর সন্নিহিত এলাকায় ক্রমবর্ধমান নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় এ আইন প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।

Advertisement

আইনের অন্যতম লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ (বউক) প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।

সংসদে বিলটি উত্থাপনকালে মন্ত্রী জানান, বগুড়া ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধে একটি কার্যকর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা প্রয়োজন। নতুন এ কর্তৃপক্ষের মাধ্যমে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টদের মতে, আইনটি বাস্তবায়িত হলে বগুড়া ও আশপাশের এলাকায় নগর উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে অপরিকল্পিত আবাসন ও অবকাঠামো সম্প্রসারণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব ও দুর্যোগ মোকাবিলায় সক্ষম নগর গড়ে তোলার ক্ষেত্রে কর্তৃপক্ষটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বগুড়াকে উত্তরাঞ্চলের একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মূলত এ আইন প্রণয়ন করা হয়েছে। এখন আইনের বিধান অনুযায়ী কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এর লক্ষ্য বাস্তবায়নের পরবর্তী ধাপ এগিয়ে যাবে।

  • সর্বশেষ