মনিরুল ইসলাম : একই মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে টাকা পাঠানোর ক্ষেত্রে সেন্ড মানি চার্জের কোনো অভিন্ন কাঠামো নেই। সেবার ধরন, লেনদেনের পরিমাণ, ব্যবহৃত মাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্ত অনুযায়ী এ চার্জ নির্ধারণ করা হয়। এমনকি সব এমএফএস প্রতিষ্ঠানে সেন্ড মানির জন্য চার্জও নেওয়া হয় না।
আজ সোমবার ১৬ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মো. নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশে কার্যরত মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোতে একই প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে অভিন্নভাবে ফি বা চার্জ আরোপ করা হয় না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার ধরন, লেনদেনের পরিমাণ, ব্যবহৃত মাধ্যম এবং প্রযোজ্য শর্ত বিবেচনায় চার্জ নির্ধারণ করা হয়ে থাকে।
তিনি জানান, প্রতিষ্ঠানভেদে সেন্ড মানি চার্জের কাঠামো ভিন্ন। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে এ সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়া হয় না।
অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) রেগুলেশনস, ২০২২-এর ৯.০ অনুচ্ছেদে সেবার চার্জ প্রতিযোগিতামূলক ভিত্তিতে নির্ধারণ এবং গ্রাহকদের এ বিষয়ে অবহিত করার নির্দেশনা রয়েছে।
এই বিধান অনুযায়ী, এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবার ধরন ও বাজারের প্রতিযোগিতার বিষয় বিবেচনায় চার্জ নির্ধারণ করতে পারে। তবে নির্ধারিত চার্জ সম্পর্কে গ্রাহকদের জানানোও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।
ফলে একই এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহক হয়েও লেনদেনের মাধ্যম ও শর্তের ভিন্নতার কারণে সেন্ড মানি খরচে পার্থক্য হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকদের লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চার্জের তালিকা ও প্রযোজ্য শর্ত জেনে নেওয়ার সুযোগ রয়েছে।