শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুধু এসপি জাহাঙ্গীরই নন, সন্দেহভাজন এমন শতাধিক পুলিশ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এ তালিকায় অতিরিক্ত আইজিপি থেকে এএসপি পদমর্যাদার কর্মকর্তাও  রয়েছেন। ওই কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের যোগাযোগ রয়েছে কি-না, কে কী ধরনের তথ্য সরবরাহ করছেন এবং এর পেছনে আর্থিক লেনদেন আছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। কেউ কোনো স্পর্শকাতর তথ্য ফাঁসের চেষ্টা করলে কিংবা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রের অংশ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে সব ইউনিট প্রধানরা অধীনস্থ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন। সরকারি ইমেইল ও ভুয়া জিডি-মামলার নম্বর ব্যবহার করে কল ডিটেইল রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করেছেন-এমন পুলিশ সদস্যদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট পুলিশ কর্মকর্তাদের নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বাহিনীর অভ্যন্তরেই। গত বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব সদস্যের উদ্দেশে ওয়াকিটকিতে তৎকালীন কমিশনারের দেওয়া বক্তব্য ফাঁস হওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেয় পুলিশ সদর দপ্তর। তবে সম্প্রতি গ্রেপ্তার হওয়া রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিতর্কিত অডিও ফাঁসের পর চট্টগ্রামের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাণ্ডে আবারও তথ্য পাচারের সন্দেহ ডালপালা মিলেছে। বিশেষ করে ডিসেম্বরকে কেন্দ্র করে জলঘোলা করতে পুলিশ বাহিনীকে বিতর্কে ফেলতে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বেহাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সব আমলের সুবিধাভোগীরাও নজরদারিতে : সন্দেহভাজনদের তালিকায় অতিরিক্ত আইজিপি থেকে এএসপি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। শুধু ঊর্ধ্বতন কর্মকর্তারাই নন- ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদের সদস্যদের বিষয়েও নতুন তালিকা করা হচ্ছে। বিশেষ করে অনেক কর্মকর্তাই রয়েছেন- যারা আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হয়েও পরবর্তীতে বঞ্চিত কোটায় ভালো ভালো পদ বাগিয়ে নিয়েছেন। আবার অনেক কর্মকর্তা আছেন- যারা সব আমলেই সুবিধাভোগী হিসেবে পরিচিত। অনেক পুলিশ কর্মকর্তা আন্তর্বর্তী সরকারের সময় তদবির ও বিভিন্ন মহলকে ম্যানেজ করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাদের বেশির ভাগই এখনো রয়ে গেছেন গুরুত্বপূর্ণ পদে। এসব পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগ আমলে নিয়োগ হওয়া একটি নির্দিষ্ট এলাকার পুলিশ সদস্যদের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থানের কথা জানিয়েছে গোয়েন্দারা।

রাষ্ট্রবিরোধী কাজের প্রমাণ পেলেই ব্যবস্থা : পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তা বলেন, পুলিশের যেসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের সন্দেহভাজন কথাবার্তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে তথ্য জানানো হচ্ছে। ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের অপতৎপরতা ঘিরে পুলিশের কেউ যাতে কোনো ধরনের তথ্য পাচার করতে না পারে সেজন্য গোপন নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আহসান হাবীব পলাশ বলেন, যেকোনো অপরাধে যেকেউ সংশ্লিষ্ট হলে তাকে আইনের আওতায় আনা হয়। এক্ষেত্রে কে পুলিশ আর কে কোন কর্মকর্তা- তা বিবেচনার সুযোগ নেই। আমাদের স্পষ্ট বার্তা- পুলিশের কোনো সদস্য বা অন্য যে কেউ যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর রিমান্ডে : পুলিশের চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ নভেম্বর রাতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’- এমন বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটিতে ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বরে ‘আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার’ কথা বলা হয়। অন্য বার্তায় ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার কথা উল্লেখ করা হয়। একাধিক সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও দলটির সাবেক এমপি বাহাউদ্দিন নাছিমের সঙ্গে যোগাযোগ রাখতেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ