মনিরুল ইসলাম: ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে এখন সাধারণ গ্রাহকেরা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য দেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে অনিয়ম-লুটপাটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।
তিনি বলেন, দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকিং খাতের এ অবস্থা হয়েছে। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত।
এ ছাড়া বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণের (ওভারপ্রাইসিং) মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনলাইন পোর্টাল
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য প্রচারকারীদের আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করছে সরকার। গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া সংবাদ প্রচারকারীদের নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও কাজ চলছে।
নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা নিশ্চিত, সরকারি বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হবে বলে জানান তিনি।
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগেও সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না। বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য গণমাধ্যমের সহযোগিতা চায়।
আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে মন্তব্য
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তাদের এসব কার্যক্রম রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে দলটির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা সরকার দেখছে না।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এ ধরনের রাজনীতির অধিকার তাদের থাকবে না।
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
বিগত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এত গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমন-পীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, একজন মালিকের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা না রাখার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তথ্যমন্ত্রী। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণ। ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হতে পারে।
জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
গুম-খুন না হওয়ার দাবি প্রতিমন্ত্রীর
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
একই সঙ্গে সরকারের ইতিবাচক উদ্যোগ ও পরিবর্তনগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার একই সভায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকেরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবেন। তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।
তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে সরকার উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের বক্তব্য শোনা, তাদের সমস্যা ও দাবি-দাওয়া জানা এবং সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব সভার মূল উদ্দেশ্য।
১২ মে ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা তুলে ধরার ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখতে হবে।
অনলাইন সংবাদমাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশের কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের বিভ্রান্তি এড়াতে সংবাদ ও শিরোনামে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।
বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগে বিশ্বাস করে না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরতে হবে। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের ইতিবাচক উদ্যোগগুলোও গণমাধ্যমে তুলে ধরতে হবে।
অনলাইন পোর্টালের নিবন্ধন নিয়ে কমিটি গঠনের উদ্যোগ
অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বিষয়টি রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, অনলাইন সংবাদমাধ্যমের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তারা প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেন।
সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছসহ ফোরামের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।