স্পোর্টস ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের সমর্থনে তাঁকে পুনর্নির্বাচিত করা হয়।
জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন তাঁর জন্য সম্মানের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি খেলাটির প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের আকৃষ্ট করার বড় সুযোগ তৈরি করবে।
ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলোয়াড়, সমর্থক ও বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন আইসিসির চেয়ারম্যান।