শিরোনাম
◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে মুঠোফোনে যোগাযোগ করে সন্তানের গ্রেপ্তারের কথা বলে টাকা আদায়ের এমন প্রতারণা বাড়ছে। কখনো সন্তানের কণ্ঠের মতো কান্নার শব্দ শুনিয়ে, কখনো মারধরের শব্দ শোনানোর মাধ্যমে অভিভাবকদের আতঙ্কিত করা হচ্ছে। কোনো কোনো ঘটনায় পরিচিতজনের কণ্ঠ নকল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘটনাও পাওয়া যাচ্ছে। এতে ভয় পেয়ে অনেকেই প্রতারক চক্রের চাহিদামতো টাকা দিয়ে দিচ্ছেন।

‘আপনার ছেলেকে পুলিশ আটক করেছে। তাঁর ব্যাগে মাদক পাওয়া গেছে। ছেলেকে ছাড়াতে চাইলে এখনই বিকাশে টাকা পাঠান।’ গত ২৪ অক্টোবর এমন ফোন পান বরিশাল সদর উপজেলার বাসিন্দা আবুল কালাম আজাদ। অপরিচিত নম্বর থেকে ফোন করে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দেন ওই ব্যক্তি। ছেলেকে গ্রেপ্তারের কথা শুনে ঘাবড়ে যান আবুল কালাম। কথাবার্তায় নানাভাবে ফাঁদে ফেলে বারবার দ্রুত টাকা পাঠানোর তাগাদা দিতে থাকেন তিনি।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার অভিযোগ তাদের কাছে প্রায়ই আসছে। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা এমন ফোনের সত্যতা যাচাই করার পরামর্শ দিচ্ছে তারা। প্রয়োজনে তাদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছে।

সন্তানের কণ্ঠে কান্না শুনিয়ে টাকা আদায়

Advertisement

ঘটনা উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, তিনি বরিশালে থাকলেও তাঁর ছেলে ঢাকায় বেসরকারি চাকরি করেন। প্রথমে জানানো হয়, তাঁর ছেলে ও কয়েক বন্ধুর ব্যাগে অবৈধ জিনিস পাওয়া গেছে। তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট আছেন। ছেলেকে ছাড়াতে হলে দ্রুত ১ লাখ ২০ হাজার টাকা পাঠাতে হবে।

ছেলের বিপদের কথা শুনে ঘাবড়ে যান উল্লেখ করে আবুল কালাম বলেন, এত টাকা একসঙ্গে দিতে পারবেন না জানালে ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে টাকা কমানোর চেষ্টা করার কথাও জানান। এরপর একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলেন। পরে তিনি ছেলের মুঠোফোনে যোগাযোগে করেন। নিশ্চিত হন, ছেলে কর্মস্থলে আছেন। গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি। এরপর ওই নম্বরে আবার ফোন করলেও কেউ ধরেননি। কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।

১৪ নভেম্বর একই ধরনের প্রতারণার শিকার হন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জিসান হোসাইনের বাবা। সেদিন দুপুরে ডিবি পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, তাঁর ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে ছাড়াতে ৫ লাখ টাকা লাগবে। জিসানের বাবা বলেন, তাঁর ছেলে ধূমপান পর্যন্ত করেন না, ইয়াবা কীভাবে পাওয়া যাবে? তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, তাঁর ছেলের সঙ্গে একটি মেয়েকেও আটক করা হয়েছে। ওই মেয়ের কাছে ইয়াবা পাওয়া গেছে। টাকা না দিলে ছেলেকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

কথোপকথনের একপর্যায়ে ফোনে জিসানের বাবাকে মারধরের শব্দ শোনানো হয়। এরপর তাঁর ছেলের মতো কণ্ঠে এক ব্যক্তি কান্নাকাটি করে বলতে থাকেন, ‘আব্বু, আব্বু আমাকে বাঁচাও। ওরা যা চায়, দিয়ে দাও। বাসায় ফিরে তোমাকে বিস্তারিত বলব।’

এ কথা শুনে আরও ঘাবড়ে যান জিসানের বাবা। ছেলের মুঠোফোনে নিয়মিত নম্বরে কল করে সেটি বন্ধ পান। প্রতারকদের জানান, পাঁচ লাখ টাকা তাঁর কাছে নেই। কিছু টাকা জোগাড় করতে সময় লাগবে। প্রায় এক ঘণ্টা পর অন্য নম্বর থেকে আবার ফোন করে টাকা জোগাড় হয়েছে কি না জানতে চাওয়া হয়। পরে ২০ হাজার টাকা দিতে পারবেন জানালে প্রতারক চক্রের দুই সদস্য মিরপুর-১২ নম্বরে জিসানদের বাসার নিচে গিয়ে টাকা নিয়ে যান।

এরপর প্রতারকদের নম্বরে আর যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা জিসানের অন্য একটি নম্বরে ফোন করেন। তখন তিনি জানান, অফিসের প্রশিক্ষণে আছেন। পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন।

জিসান হোসাইন বলেন, ফোনের অপর প্রান্তে তাঁর মতো অবিকল কণ্ঠে একজন কান্নাকাটি করছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে টাকা দেওয়ার আকুতি জানাচ্ছিলেন। ওই কণ্ঠ শুনেই তাঁর বাবা প্রতারণার শিকার হন। পরে প্রতারকদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

ফাঁদে ফেলতে ব্যবহৃত হচ্ছে এআই

গত ২৯ আগস্ট সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা রইচ উদ্দিনের কাছে ডিবি পরিচয়ে ফোন আসে। প্রথমে কৌশলে তাঁর ছেলের নাম ও পেশা জেনে নেন ফোন করা ব্যক্তি। এরপর জানান, তাঁর ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিন লাখ টাকা না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে। প্রায় ১০ মিনিট পর অন্য একটি নম্বর থেকে ফোন করে ছেলের কান্নার শব্দ শোনানো হয়। দ্রুত টাকা দিতে বলা হয়। তবে ছেলের নম্বরে ফোন করে রইচ উদ্দিন জানতে পারেন, তাঁর ছেলে তখন অফিসে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কণ্ঠস্বর নকল করে প্রতারণার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছেন অপরাধীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও, অডিও বা অন্য মাধ্যমে পাওয়া কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এআই প্রযুক্তির সাহায্যে পরিচিত ব্যক্তির কণ্ঠের অনুকরণ তৈরি করা সম্ভব। কয়েক সেকেন্ডের অডিও নমুনা দিয়েও এ ধরনের কণ্ঠস্বরের ক্লোন তৈরি করা যায়। পরে সেই কণ্ঠ ব্যবহার করে পরিবারের সদস্য বা পরিচিতজনের কাছে ফোন করা হয়। কখনো সন্তানের কণ্ঠ নকল করে মা-বাবার কাছে কান্নাকাটি করে টাকা চাওয়া হয়, কখনো পরিচিত ব্যক্তির কণ্ঠে জরুরি প্রয়োজনে অর্থ পাঠানোর অনুরোধ করা হয়। পরিচিত মানুষের কণ্ঠ শুনে অনেকেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় যাচাই না করেই টাকা পাঠিয়ে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের প্রতারণা এখন খুব সহজ। টাকার বিনিময়ে এআইয়ের গ্রাহক হয়ে প্রায় অবিকল কণ্ঠস্বর বানিয়ে প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন হয়ে যাচ্ছে। মানুষ প্রতারণার শিকার হচ্ছেন।

প্রতারণা থেকে বাঁচার উপায় সম্পর্কে অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) চালু করতে হবে। সন্তানের বিপদের ফোন এলে এমন কিছু প্রশ্ন করা, যাতে সেটা সন্তান ছাড়া আর কেউ জানে না। সর্বোপরি সচেতনতার কোনো বিকল্প নেই। কারণ, এখনো মানুষ এই প্রতারণার বিষয়ে পুরোপুরি জানে না।

নম্বর সংগ্রহ যেভাবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ফোনে প্রতারণার জন্য চক্রগুলো বিভিন্ন উৎস থেকে মানুষের মুঠোফোন নম্বর সংগ্রহ করে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক তালিকা এবং ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্যের ভান্ডার থেকে নম্বর সংগ্রহ করে থাকে। এ ছাড়া মোবাইল অপারেটর ও বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু কর্মীদের মাধ্যমেও টাকার বিনিময়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় প্রতারকেরা।

ডিবির সাইবার বিভাগের কর্মকর্তারা বলছেন, কখনো নির্দিষ্ট ব্যক্তির পরিচয় ও পারিবারিক তথ্য জেনে ফোন করা হয়, কখনো একসঙ্গে অনেক নম্বরে ফোন দিয়ে প্রতারণার চেষ্টা চলে। অভিভাবকদের ফোন করে শুরুতেই কৌশলে সন্তানের নাম, পরিচয় ও পেশা জেনে নেয় প্রতারকেরা। অভিভাবকেরা কিছু বুঝে ওঠার আগেই সরল বিশ্বাসে এসব তথ্য দিয়ে দেন। প্রতারকেরা এমনভাবে কথা বলেন, যেন তাঁরা আগে থেকেই সব জানেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিটের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, প্রতারকেরা কীভাবে মানুষের মুঠোফোন নম্বর সংগ্রহ করে, সে বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে একাধিক উপায়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহের তথ্য জানতে পারেন। অভিযোগ পাওয়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলে। প্রতারণা ঠেকাতে নম্বর সংগ্রহের উৎস সম্পর্কেও তাঁরা কাজ করবেন।

বায়োমেট্রিক নিবন্ধন থাকার পরও প্রতারণা

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মুঠোফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের মূল উদ্দেশ্য ছিল গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়া এবং সিম ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে অপরাধীকে শনাক্ত করা সহজ করা। কিন্তু এ পদ্ধতি চালুর পরও সিম ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটছে। প্রতারকেরা কখনো ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে, কখনো স্বজনের বিপদের কথা বলে, আবার কখনো পুরস্কার বা আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলছে।

পুলিশের সাইবার অপরাধ নিয়ে কাজ করেন এমন কর্মকর্তারা বলছেন, অভিযোগের পর সিমের নিবন্ধিত মালিককে শনাক্ত করা গেলেও প্রতারণায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয় না। অনেক সময় একজনের নামে সিম নিবন্ধিত থাকলেও ব্যবহার করেন আরেকজন। আবার প্রতারণার অর্থও একাধিক ব্যাংক হিসাবে সরিয়ে ফেলে। প্রতারণায় ব্যবহৃত সব তথ্যই ভুয়া পাওয়া যায়। এ কারণে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা জটিল হয়ে পড়ে।

বায়োমেট্রিক নিবন্ধন থাকার পরও অন্যের নামে সিম ব্যবহার করে প্রতারণার বিষয়ে ডিবির কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বায়োমেট্রিক নিবন্ধন পদ্ধতিতেও দুর্বলতা রয়েছে। প্রতারণার অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায়ই দেখা যায়, একজনের নামে নিবন্ধিত সিম আরেকজন ব্যবহার করছেন। যাঁর নামে সিম নিবন্ধিত, তিনি জানেনও না যে তাঁর সিম প্রতারণার কাজে ব্যবহার করা হচ্ছে। তাঁরা মাঝেমধ্যে ভুয়া সিম উদ্ধারে অভিযান চালান। চলতি বছরও দুই দফা অভিযান চালিয়ে ২০ হাজার ও ৫০ হাজার ভুয়া সিম উদ্ধার করা হয়েছে।

সচেতনতার পরামর্শ পুলিশের

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ইউনিটের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, এ ধরনের প্রতারণার বিষয়ে তাঁদের কাছে প্রায়ই অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারও করা হচ্ছে। তবে সম্প্রতি এই কৌশলে প্রতারণার প্রবণতা অনেক বেড়েছে।

শুধু গ্রেপ্তার করে এ ধরনের প্রতারণা কমানো যাবে না উল্লেখ করে ডিবির এই কর্মকর্তা বলেন, অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তানের পরিচিত নম্বরে আলাদাভাবে ফোন করে বা তাঁর কাছের কারও সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করতে হবে। নিশ্চিত না হয়ে কাউকে টাকা পাঠানো উচিত নয়। সত্যিই কেউ মাদক বা অবৈধ জিনিসসহ আটক হলে, তা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। কাউকে টাকা দেওয়া উচিত নয়। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ