পাহাড়, সমুদ্র, মরুভূমি কিংবা মালভূমি—প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর ভারত ক্রমেই পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। বিদেশ ভ্রমণের পরিবর্তে অবসরযাপন ও ঘোরাঘুরির জন্য ভারতকে বেছে নিচ্ছেন অনেক পর্যটক। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সাময়িকী ইন্টারন্যাশনাল ট্রাভেল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হতে পারে ভারত। এ ক্ষেত্রে ব্রাজিল ও থাইল্যান্ডের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকেও পেছনে ফেলতে পারে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে পর্যটকদের পছন্দের শীর্ষ গন্তব্য ছিল ব্রাজিল। এর আগে ২০২৫ সালে থাইল্যান্ড এবং ২০২৪ সালে কোস্টারিকা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
ভারতের পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্র আগ্রার তাজমহল। ঐতিহাসিক এই স্থাপনা দেখতে প্রতিবছর দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যটক ভিড় করেন।
এ ছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসবও পর্যটকদের আকর্ষণ করছে। এর মধ্যে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব অন্যতম। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের সঙ্গে পরিচিত হতে প্রতিবছর সেখানে সমবেত হন হাজারো পর্যটক।
প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন আকর্ষণের কারণে মেঘালয়, কেরালা, মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু ও আন্দামান দ্বীপপুঞ্জও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে ভারতে অন্তত ৯০ লাখ ১৫ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। ২০৪৭ সালের মধ্যে দেশটিতে ১০ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত সরকার।
পর্যটন খাতের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পরিকল্পনা করছে দেশটি। পর্যটকের সংখ্যা বাড়লে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা আয় এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।