স্পোর্টস ডেস্ক: জাপানের কাছে ব্রাজিলের হার মেনে নিতে পারছেন না দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। হারের দায় চাপিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর। শুধু সমালোচনাই নয়, ইতালিয়ান এই কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার জাপানের বিপক্ষে শুরুতেই চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে ব্রাজিল। পরে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় সেলেসাওদের। এই হারেই আনচেলত্তির ওপর আস্থা হারিয়েছেন রোমারিও।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে আনচেলত্তিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার বাড়ি যান।’ রোমারিওর মতে, ক্লাব ফুটবলে আনচেলত্তির সাফল্য থাকলেও ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিনি। তাই আবার কোচিং করাতে চাইলে তাঁকে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই স্ট্রাইকার।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির সাদকেও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন রোমারিও। তাঁর মতে, জাতীয় দল নিয়ে আর ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরে আফসোস করেও লাভ হবে না।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। এরপর থেকে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় তারা। আনচেলত্তির অধীনে সেই অপেক্ষার অবসান হবে কি না, তা নিয়ে সন্দিহান রোমারিও।