স্পোর্টস ডেস্ক: ব্যাটিংয়ে লড়লেন আহসান আল মুমিন, আর বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ তছনছ করলেন তাফিউল আলম তামিম- দুজনের অসাধারণ নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। ব্যাটে-বলে দু'জনের দুর্দান্ত পারফরম্যান্সে এই বড় জয় তুলে নিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পা রাখল টাইগার যুবারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৪১ রানের মধ্যে হারায় তিন উইকেট। এরপর অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও ফেরেন ১৭ রান করে। একপর্যায়ে ১৪৪ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে প্রতিরোধ গড়েন মুমিন ও রবিউল ইসলাম অনিক। সপ্তম উইকেটে দুজনের ৭৯ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়। অনিক ৪৮ বলে ৪৫ রান করে ফিরলেও থামেননি মুমিন। -- ডেইলি ক্রিকেট
এরপর আল আমিন হোসেনকে নিয়ে আরও ৭৯ রান যোগ করেন তিনি। ১০২ বলে শতক পূর্ণ করা মুমিন শেষ পর্যন্ত ১০ চার ও ৬ ছক্কায় ১৩৩ বলে ১৫২ রান করেন। তাঁর ব্যাটে ৮ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অনিকের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৫ রান।
জবাবে শুরু থেকেই মালয়েশিয়াকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। রুবাই ইসলাম রিজনের পর বল হাতে ঝড় তোলেন তামিম। মাত্র ৭.৫ ওভারে ১৮ রান দিয়ে সাত উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।