শিরোনাম
◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৫ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ

মনিরুল ইসলাম: সরকারি ক্রয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা, মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ সুযোগ তৈরি করতে রাষ্ট্রপতির জারি করা তিনটি পৃথক অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

আজ সোমবার ৯ নভেম্বর  ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই অধ্যাদেশ তিনটি সংসদে পেশ করেন। অধিবেশনের ওই পর্বে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

উত্থাপিত অধ্যাদেশ তিনটি হলো-সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে সংসদের অধিবেশন স্থগিত থাকা অবস্থায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অধ্যাদেশ জারি করেন।

গত ২১ সেপ্টেম্বর জারি করা সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে বিদ্যমান সরকারি দরপত্র প্রক্রিয়ায় ব্যাপকভাবে যোগ্যতার পরিধি সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া দরদাতাদের সরকারি ক্রয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে অপ্রয়োজনীয় ও কঠোর শর্ত (যেমন-দীর্ঘদিনের অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন বা পূর্বে সরকারি কাজের পূর্ব অভিজ্ঞতা) আরোপের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ক্রয়ের ধরন ও জটিলতা বিবেচনায় প্রয়োজন হলে শর্ত শিথিলের সুযোগ রাখা হয়েছে।

Advertisement

একইসঙ্গে দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়া এবং নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করার সুযোগ রাখা হয়েছে। বিদেশি দরদাতাদের ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম বাংলাদেশি অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বিশেষ ক্ষেত্রে তা শিথিলযোগ্য। কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা নেওয়ার পাশাপাশি কেবল কারিগরিভাবে উত্তীর্ণ প্রস্তাবগুলোর আর্থিক দরপত্র খোলা হবে। নির্দিষ্ট সীমার ওপর ক্রয়ের ক্ষেত্রে কারিগরি মান ও টেকসই বৈশিষ্ট্য মূল্যায়ন করা হবে এবং অস্বাভাবিক কম দর পৃথকভাবে যাচাই করা হবে।

গত ১৩ অক্টোবর জারি করা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে ২০১২ সালের ভ্যাট আইনের ৬৪ ধারায় সংশোধন আনা হয়েছে, যা গত ১ অক্টোবর থেকে কার্যকরের কথা বলা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে প্রতি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

তবে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা কোম্পানি এবং শূন্য (জিরো) রিটার্ন দাখিলকারীদের জন্য রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ২০ দিন নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াতে পারলেও কোনো অবস্থাতেই জরিমানা বা সুদ মওকুফ করতে পারবে না। এ ছাড়া মাসিক রিটার্নে সম্পূরক শুল্কের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এনবিআর ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে পারবে।


গত ১৯ অক্টোবর জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের বিশেষ কাঠামো তৈরি করা হয়েছে। সরকারি-বেসরকারি স্থাপনা, আবাসিক ভবন, সৌরচালিত সেচপাম্প, হিমাগার, ইভি চার্জিং স্টেশন, চা-বাগান, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিজমিতে সৌরবিদ্যুৎ (অ্যাগ্রিভোল্টাইক) প্রকল্প এর আওতাভুক্ত হবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র এতে অন্তর্ভুক্ত নয়।

অধ্যাদেশে দুটি অর্থায়ন মডেল রাখা হয়েছে—অপারেটিং এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করে উৎপাদিত বিদ্যুতের আয় থেকে অংশ নেবে, আর ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব খরচে বিদ্যুৎ ব্যবস্থা ক্রয় করে মালিকানা রাখবে।

দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০০৬ সালের সরকারি ক্রয় আইন, ২০২৬ সালের ইনভেস্ট বাংলাদেশ আইন এবং ২০২৫ সালের সরকারি ক্রয়বিধির সঙ্গে সাংঘর্ষিক বিধান এতে অকার্যকর থাকবে। ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত ক্রয়ে ই-জিপি ছাড়া সীমিত দরপত্র পদ্ধতির সুযোগ রাখা হয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) অনলাইন ডেটাবেজ ও পর্যবেক্ষণ নিশ্চিত করবে এবং প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটি জাতীয় নীতি পরিষদ গঠিত হবে। এ ছাড়া সৌর বিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরির দায়ে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা, ক্ষতিসাধনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা এবং অবৈধ সংযোগ বা পরিদর্শনে বাধার দায়ে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

  • সর্বশেষ