শিরোনাম
◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেও শ্বাস নিতে কষ্ট : এক মাসে সাড়ে ৩ হাজার মৃত্যুর আশঙ্কা

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পালাংকারায়া শহরে ভয়াবহ বায়ুদূষণের কারণে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে বাসিন্দাদের জন্য। কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে শহরের আকাশ। 

বিষাক্ত ধোঁয়া থেকে শিশুদের রক্ষা করতে অনেক পরিবার ঘরের জানালা-দরজা বন্ধ করে রাখছে। কেউ কেউ সন্তানদের নিয়ে দিনের পর দিন একটি ঘরেই কাটাচ্ছে সময়। ঘরে বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র চালিয়ে এবং প্রয়োজন হলে অক্সিজেন নিয়ে শ্বাস নিতে হচ্ছে তাদের।

এমন পরিস্থিতিতে পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ২৭ বছর বয়সী আপ্রি ডোনা ইউসমেলিতা। তাঁর শিশুসন্তান অ্যারেস আলেকজান্ডার দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছে। কাশির কারণে প্রায়ই বমি করছে সে। ফলে ঠিকমতো খাবারও রাখতে পারছে না শিশুটি। শ্বাসকষ্ট কমাতে বাড়িতেই নেবুলাইজার দিয়ে চিকিৎসা দিতে হচ্ছে তাকে।

দাবানল শুরু হওয়ার পর থেকে সন্তানদের নিয়ে বাড়ির একটি শয়নকক্ষেই বেশি সময় কাটাচ্ছেন আপ্রি। শিশুদের ফুসফুস বড়দের মতো শক্তিশালী নয়- এ কথা বিবেচনা করে খাবার খাওয়ানো থেকে শুরু করে দৈনন্দিন কাজও ওই ঘরে সীমাবদ্ধ রেখেছেন তিনি। ধোঁয়া এতটাই ঘন হয়ে উঠেছে যে ঘরের অন্য অংশে থাকা নিরাপদ মনে হচ্ছে না তাঁর। গত চার মাসে পরিবারের প্রায় অর্ধেক সময় কেটেছে ওই একটি ঘরে।

Advertisement

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের মধ্য কালিমান্তান প্রদেশের রাজধানী পালাংকারায়ায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। জুলাই থেকে আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় শহরটি কার্যত বিপর্যস্ত। অনেক বাড়ির জানালা প্লাস্টিক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। শিশুদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কোনো কোনো পরিবার সন্ধ্যার সময় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে।

শহরটির দূষণ পরিস্থিতি কতটা ভয়াবহ, তা বোঝা যায় বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণার (পিএম ২.৫) মাত্রা থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ২৪ ঘণ্টার গড় হিসাবে প্রতি ঘনমিটার বাতাসে এই কণার মাত্রা ১৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। কিন্তু পালাংকারায়ায় তা প্রায়ই ৩০০ মাইক্রোগ্রামে পৌঁছাচ্ছে। গত মাসে একটি স্বেচ্ছাসেবী দলের নেওয়া পরিমাপে মাত্রা তিন হাজার মাইক্রোগ্রামেরও বেশি পাওয়া যায়। দূষণ মাপার যন্ত্রের সর্বোচ্চ সীমা ৯৯৯ হওয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় সেগুলোও কার্যত অকার্যকর হয়ে পড়ছে।

এই পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও আদিবাসী সংগঠনগুলো বাসিন্দাদের সহায়তায় এগিয়ে এসেছে। রনু ওয়েলুম ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠন বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র, অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার-সুবিধাসম্পন্ন ১৪টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের এসব কেন্দ্রে আশ্রয় দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের হাসপাতালে পাঠানো হচ্ছে। স্বেচ্ছাসেবীদের ভাষ্য, অনেকে এসব কেন্দ্রে আসেন কেবল একটু স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার সুযোগ পেতে।

পালাংকারায়ার সংকট অবশ্য ইন্দোনেশিয়ার একক কোনো শহরের সমস্যা নয়। দেশটির বন ও পিটভূমিতে ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও পৌঁছেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই ও পূর্ব তিমুরের পাশাপাশি ফিলিপাইন ও ভিয়েতনামের কিছু এলাকাতেও এর প্রভাব পড়েছে। দূষণের কারণে বিভিন্ন স্থানে স্কুল বন্ধ রাখতে হয়েছে। শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে।

এ বছরের দাবানল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ। স্যাটেলাইটভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রায় ১৯ লাখ হেক্টর বন ও পিটভূমি আগুনে পুড়েছে। দাবানলের একটি বড় কারণ জমি পরিষ্কার করতে আগুন ব্যবহার করা। বিশেষ করে পাম তেলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের জন্য বনভূমি উজাড় করতে অনেক ক্ষেত্রে গাছপালা পুড়িয়ে ফেলা হয়। এ বছর এল নিনোর প্রভাবে স্বাভাবিকের তুলনায় শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে।

স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে দ্রুত। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতটি প্রদেশে ২১ অক্টোবর পর্যন্ত তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা ৭৫ হাজারের বেশি। পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের হিসাবে, দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণের কারণে শুধু সেপ্টেম্বরেই ইন্দোনেশিয়ায় আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। এটি গবেষণাভিত্তিক অনুমান, নিশ্চিতভাবে শনাক্ত মৃত্যুর সংখ্যা নয়।

বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের ধোঁয়ায় থাকা অতি সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশতে পারে। দীর্ঘদিন এ ধরনের দূষণের মধ্যে থাকলে হৃদ্‌রোগ, ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়া এবং অন্যান্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও গুরুতর হতে পারে।

ইন্দোনেশিয়া সরকার দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করেছে এবং আগুন লাগানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে বছরের পর বছর ধরে একই ধরনের দাবানল ও ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত হলেও স্থায়ী সমাধান আসেনি। পর্যাপ্ত প্রস্তুতি ও কার্যকর নজরদারির অভাব নিয়েও সমালোচনা রয়েছে।

পালাংকারায়ার বাসিন্দাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া। বাইরে বিষাক্ত ধোঁয়া, ঘরের ভেতরেও তার অনুপ্রবেশ- এমন বাস্তবতায় শিশুদের নিয়ে একটি ঘরে আশ্রয় নেওয়াই অনেক পরিবারের শেষ ভরসা হয়ে উঠেছে।

তথ্য সূত্র- দ্য গার্ডিয়ান।

  • সর্বশেষ