শিরোনাম
◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:২১ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭

মিশরের রাজধানী কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এ কার্যক্রম চালানো হচ্ছে। তবে কখন নাগাদ ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

Advertisement

এদিকে, দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। পাশাপাশি তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারিগরি কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম পুরোনো ও বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। দেশটিতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে রেল দুর্ঘটনায়। তবে রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কয়েক বিলিয়ন মিশরীয় পাউন্ড বিনিয়োগ করছে সরকার।

মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। ওই সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেনের সাতটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৬০ জন নিহত হন।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ