সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে চলাচলকারি শত শত যানবাহন আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর হস্তক্ষেপে প্রায় ৩ ঘন্টা পর বিক্ষোভকারিরা অবরোধ তুলে নেন।
রোববার (৮ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মি সহ স্থানীয় সূত্র জানিয়েছেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে রাত সাড়ে ৮ টার দিকে বিএনপি নেতা নুরুল আমিনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে আনা হয় বলে জানান, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) ডা. সুবক্তগীন মাহমুদ সোহেল।
তিনি বলেন, আহত ব্যক্তির মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহত ব্যক্তি আশংকাজনক অবস্থায় থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উখিয়া উপজেলা কক্সবাজার-০৪ ( উখিয়া-টেকনাফ ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
এসময় হামলার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীর ও তার লোকজনকে দায়ী করেন বিএনপির নেতারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
এদিকে হামলার প্রতিবাদে উখিয়া উপজেলা সদর স্টেশন, বালুখালী, থাইংখালী, জামতলী ও পালংখালী স্টেশনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা অবরোধ তুলে নেন।
এব্যাপারো উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সড়ক এখনো অবরোধ তুলে নেয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান, তিনি।