হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের তীব্র সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালকের পা কেটে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
সোমবার (০৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড আনলোড করার জন্য ঘুরাচ্ছিল। ঠিক সে সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী 'গোল্ডেন লাইন পরিবহন'-এর একটি দ্রুতগতির বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে চালক ভেতরে আটকে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকচালকের একটি পা কেটে তাকে উদ্ধার করে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। আহতদের অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।