শিরোনাম
◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টটি প্রকাশের আয়োজন ও সমন্বয় করেছিল ভারতের হয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের একটি লবিং ফার্ম। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের ব্যক্তিদের পরিচালনায় চলে। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসে ৭৫ হাজার ডলার পারিশ্রমিকে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত সরকার।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান ল্যাঞ্জা মার্কারির মূল দলের সদস্য। এমনকি হোয়াইট হাউসের সদ্যবিদায়ী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

ফারার নথিতে মার্কারি জানিয়েছে, গত জুনে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে এক্স (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছিলেন ট্রাম্প। ওই পোস্ট প্রকাশের ব্যবস্থা ও সমন্বয় করেছিল মার্কারিই।

Advertisement

এদিকে, এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি লবিং ফার্ম তাদের জমা দেওয়া নথিতে জানিয়েছে, গত মে ও জুনে ভারত সরকার এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অন্তত আটটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপের আয়োজন করেছিল তারা। ট্রাম্পের জ্যেষ্ঠ সহকারী জেসন মিলারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি ফারার নথিতে এসব ফোনালাপকে তাদের 'রাজনৈতিক কার্যক্রমের' অংশ হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, 'ভারত-যুক্তরাষ্ট্র' সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এসব ফোনালাপের আয়োজন করা হয়েছিল।

২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় ভারত সরকার। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে ২৩ জুন মিলার ট্রাম্প প্রশাসনে 'বিশেষ সরকারি কর্মচারী' হিসেবে যোগ দেওয়ার পর চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্সের চুক্তি হয়েছিল মাসে ১ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিকের বিনিময়ে।

নথিপত্র অনুযায়ী, চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কাজ ছিল মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক ও সংশ্লিষ্ট মহলে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, পরিকল্পনা তৈরি এবং সরকারি বিভিন্ন পর্যায়ে সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করা।

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী 'বিদেশি মক্কেলের এজেন্টদের' নির্দিষ্ট সময় পরপর সংশ্লিষ্ট মক্কেলের সঙ্গে তাদের সম্পর্ক, পরিচালিত কার্যক্রম এবং এ বাবদ পাওয়া আর্থিক পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।

নথি অনুযায়ী, গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে ভারতীয় পক্ষ ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফোনালাপের আয়োজন করেছিল মিলারের প্রতিষ্ঠান। এসব আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিধাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।

রুবিওর সফরের পর জুন মাসেও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের যোগাযোগের সমন্বয় করে প্রতিষ্ঠানটি। এ দফায় আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং।

  • সর্বশেষ