চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যবসায়ীর সঙ্গে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পরকীয়া সম্পর্ক ছিল। রয়টার্স জানায়, এ ঘটনায় হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
রবিবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরকীয়া সম্পর্ক ছিল। তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে অ্যালিসকে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় জেনসেন হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ ঘটনার সম্পূর্ণ দায়ও নিয়েছেন তিনি। তবে এনভিডিয়া জানিয়েছে, প্রধান নির্বাহী হিসেবে হুয়াংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
বিশ্লেষকদের আশঙ্কা, এ ঘটনা এনভিডিয়ার শেয়ারের ওপর আরো চাপ তৈরি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের বর্তমান প্রবৃদ্ধি কত দিন চলবে, তা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে। পাশাপাশি এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।
গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ করা হয়। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক কর্মকর্তা। প্রতিষ্ঠানটির কার্যক্রমও তদন্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এনভিডিয়ার কাছ থেকে এআই চিপ কেনে মেগাস্পিড। প্রতিষ্ঠানটি চীনের কাছে উন্নত এআই চিপ পৌঁছে দিতে সহায়তা করেছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন কর্তৃপক্ষের। এসব চিপ চীনে রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
এক বিবৃতিতে এনভিডিয়া বলেছে, সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন। এ কারণে পরিচালনা পর্ষদ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। বাইরের একজন স্বাধীন আইনজীবীর সহায়তায় পর্ষদের স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি তদন্তের তদারকি করবে।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হয়েছে বলে মনে করার কোনো কারণ পর্ষদের কাছে নেই। তবে তদন্তে পাওয়া সব তথ্য খতিয়ে দেখা হবে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রধান নির্বাহী ও তার নেতৃত্বাধীন দলের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। জেনসেন হুয়াংও তদন্তকে সমর্থন করেছেন এবং সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ অভিযোগ নিয়ে তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেননি। তবে হুয়াংকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, সবকিছু ঠিক আছে। তিনি অসাধারণ কাজ করেছেন।’
অভিযোগ সম্পর্কে আগে গোয়েন্দা তথ্য পাওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমার তা মনে হয় না। আমার মনে হয়, তিনি একজন সম্মানিত মানুষ। সম্ভবত এ বিষয়ে তার কোনো ব্যাখ্যা আছে। সেটিও শুনতে হবে।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় এক বছর আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া এসব তথ্য সম্পর্কে ট্রাম্পকে জানানো হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। রবিবার সন্ধ্যার আগে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি হননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। রবিবার জেনসেন হুয়াং বলেন, ‘এনভিডিয়াকে সুরক্ষিত রাখা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সহায়তা করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ কাজের সময়ের বাইরে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও মেগাস্পিড তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
এই তদন্তের কারণে এনভিডিয়ার ওপর চাপ আরো বাড়তে পারে। এআই খাতের বর্তমান প্রবৃদ্ধি কত দিন ধরে রাখা সম্ভব, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ কারণে তারা এ খাত থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন। অথচ এআই খাতের দ্রুত সম্প্রসারণের কারণেই এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়েছে।
এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার। তবে এ বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আগের সব লাভ হারিয়েছে। এআই খাতে বিনিয়োগের গতি নিয়ে উদ্বেগের কারণে প্রযুক্তি খাতের সামগ্রিক শেয়ারবাজারেও দরপতন হয়েছে। এর প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারে। তিন দশকের বেশি সময় ধরে এনভিডিয়ার নেতৃত্ব দিচ্ছেন জেনসেন হুয়াং। এআই চিপের বাজারে বিশ্বের শীর্ষ সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থান তৈরিতে তার বড় ভূমিকা রয়েছে।
ইয়র্কভিল আইভস অ্যান্ড কম্পানির অংশীদার ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস বলেন, পরিচালনা পর্ষদের তদন্তের ফলের ওপর নির্ভর করে জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে। এতে এনভিডিয়ার শেয়ারের ঝুঁকিও বাড়বে। কারণ, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ব্যবসা ও কৌশল নির্ধারণে হুয়াং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইভস আরো বলেন, এ ঘটনা হুয়াংয়ের ভাবমূর্তির জন্য বড় ধাক্কা। এর জেরে কংগ্রেসের একাধিক তদন্ত শুরু হতে পারে। ফলে এনভিডিয়ার শেয়ারের ওপর দীর্ঘ সময় চাপ থাকতে পারে। তার মতে, এ ঘটনার পর চীনের কাছে চিপ বিক্রির বিষয়টিও আরো কঠোর নজরদারির মুখে পড়বে। স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করে জেনসেন হুয়াং বলেন, ‘আমার কাজের কারণে আমার স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।’
সহকর্মী, পরিচালনা পর্ষদ, ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সেবা করা এবং আপনাদের বিশ্বাসের যোগ্য হয়ে ওঠাই আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়ার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের আস্থা আবার অর্জন করতে কাজ করে যাব।’
গত অক্টোবরের শেষ দিকে ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কথা বলেছিলেন জেনসেন। তিনি বলেছিলেন, মেগাস্পিডের কাজের সূত্রেই তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল। তার ভাষায়, এটি ছিল ‘সম্পূর্ণ স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়’।
শেয়ার লেনদেনের প্ল্যাটফর্ম ইটোরোর প্রধান বিশ্লেষক জশ গিলবার্ট বলেন, এনভিডিয়ার উত্থানের প্রতিটি পর্যায়েই জেনসেন হুয়াংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তার নেতৃত্ব নিয়ে যেকোনো ধরনের সন্দেহ শেয়ারহোল্ডারদের জন্য উদ্বেগের কারণ।
গিলবার্ট আরো বলেন, এই তদন্ত বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। তবে দীর্ঘ মেয়াদে পরিস্থিতির পরিবর্তন হবে না, যদি না শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসে। আর নেতৃত্বে পরিবর্তন হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের শীর্ষ রিপাবলিকান আইনপ্রণেতারা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে চলতি মাসে কংগ্রেসকে বিস্তারিত জানাতে জেনসেন হুয়াংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ৪ নভেম্বর লেখা এক চিঠিতে আইনপ্রণেতারা বলেন, ওই প্রতিবেদন চীনের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও তথ্য পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। এতে জাতীয় নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।
চিঠিতে তারা আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়েছে, তা কংগ্রেসের জানা অত্যন্ত জরুরি।’ ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে চীনে এনভিডিয়ার উন্নত চিপ এবং এসব চিপ তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ সীমিত করার চেষ্টা করছে।