মিষ্টি খেতে ভালোবাসেন? দোকান থেকে কিনে আনার বদলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ক্ষীরের চপ। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মিষ্টি। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সঙ্গে বিকেলের আড্ডা, ক্ষীরের চপ জমিয়ে দেবে যে কোনও আয়োজন। রইলো সহজ রেসিপি।
ক্ষীরের চপ বানাতে যা লাগবে
ক্ষীরের পুর তৈরির জন্য ২৫০ মিলিলিটার দুধ ও এক কাপ গুঁড়ো দুধ লাগবে। বাইরের খোলস তৈরিতে প্রয়োজন এক কাপ ময়দা, আধ টেবিলচামচ বেকিং সোডা, এক টেবিলচামচ তেল ও এক চিমটে লবণ। চিনির সিরাপ তৈরির জন্য লাগবে এক কাপ চিনি, আধ কাপ পানি ও দু’টি এলাচ। ভাজার জন্য প্রয়োজনমতো সাদা তেল নিতে হবে।
যেভাবে বানাবেন
প্রথমে কড়াইয়ে দুধ ঢেলে গরম করুন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন হয়ে ক্ষীরের মতো তৈরি হবে। তখন গ্যাস বন্ধ করে ক্ষীর একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দিন।
এবার একটি বড় পাত্রে ময়দা, বেকিং সোডা, তেল ও লবণ মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে মেখে একটু শক্ত মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন।
এর মধ্যে চিনির সিরাপ তৈরি করে নিন। কড়াইয়ে চিনি ও আধ কাপ পানি দিয়ে গরম করুন। চিনি গলে ফুটতে শুরু করলে থেঁতো করা এলাচ মিশিয়ে দিন। সিরাপ কিছুটা ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।
ঠান্ডা ক্ষীর থেকে ছোট ছোট বল তৈরি করুন। অন্য দিকে, ময়দার মণ্ড থেকে ছোট লেচি কেটে চ্যাপ্টা করে নিন। প্রতিটি লেচির মাঝখানে একটি ক্ষীরের বল রেখে চারদিক থেকে ময়দা মুড়ে মুখ বন্ধ করে দিন। এ বার হাত দিয়ে হালকা চাপ দিয়ে চপের আকার দিন।
কড়াইয়ে তেল গরম করে ক্ষীরের পুরভরা চপগুলি মাঝারি আঁচে ভাজুন। এক পিঠ লালচে হয়ে এলে উল্টে দিন। দু’পিঠ ভালো করে ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নিন।
এবার ভাজা চপগুলো ঠান্ডা চিনির সিরাপে ডুবিয়ে মিনিট তিনেক রেখে দিন, যাতে সিরাপ ভেতরে ঢুকে যায়। তারপর ঝাঁঝরিতে তুলে অতিরিক্ত রস ঝরিয়ে নিন। তৈরি হয়ে গেলো সুস্বাদু ক্ষীরের চপ। ঠান্ডা হলে পরিবেশন করুন।