স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কেএল রাহুলের আগে অক্ষর প্যাটেলকে ব্যাটিংয়ে পাঠানো নিয়ে সমালোচনা কম হয়নি। ভারতের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এই কৌশলের পক্ষেই দাঁড়িয়েছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তাঁর মতে, দলের প্রয়োজনে এমন পরীক্ষা-নিরীক্ষা হতেই পারে।
মাত্র ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সাজঘরে ফেরেন শুভমান গিল, বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে রাহুলের আগে অক্ষরকে পাঠান গিল। তবে ৭ রান করে ম্যাথু ফিশারের শিকার হন বাঁহাতি এই অলরাউন্ডার।
অক্ষরের বিদায়ের পরও হাল ছাড়েনি ভারত। শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন রাহুল। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ রানে ম্যাচ জেতে ভারত।
অক্ষরকে আগে পাঠানোর সিদ্ধান্তের ব্যাখ্যায় গাভাস্কার বলেন, বাঁহাতি ব্যাটার ক্রিজে এলে বোলারদের লাইন ও লেংথ বদলাতে হয়। এতে পরের ডানহাতি ব্যাটারের জন্যও পরিস্থিতি বদলে যায়। তাঁর মতে, এই কৌশলে ভুল ছিল না। অক্ষর রান পেলে তখন নেতৃত্বের প্রশংসাই হতো। সব পরীক্ষা সফল হয় না, এবারও তেমনটি হয়েছে।
অক্ষরকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন তিনি। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কেএল রাহুলের আগে পাঁচ নম্বরে ব্যাট করেছিলেন এই অলরাউন্ডার।
গাভাস্কারের বক্তব্য, দলের প্রয়োজনে এমন কৌশল প্রয়োগ করতেই পারে ভারত। এবার অক্ষর ব্যর্থ হলেও সিদ্ধান্তটিকে সরাসরি ভুল বলতে নারাজ সাবেক এই অধিনায়ক।