সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক সেবনকারী, ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায়, চারজন ধর্তব্য অপরাধে, পাঁচজন পরোয়ানাভুক্ত এবং দুজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
কক্সবাজার সদর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর থেকে ৭ নভেম্বর সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার ১৩ মাদক সেবনকারীর মধ্যে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি উখিয়া, ঢাকা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারাও রয়েছেন। এ ছাড়া দণ্ডবিধির ২৯০ ধারায় গ্রেপ্তার ১৪ জনের মধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকার পাশাপাশি ঢাকা, নেত্রকোনা, হবিগঞ্জ, কুমিল্লা ও খাগড়াছড়ির বাসিন্দা রয়েছেন।
এদিকে একই সময়ে পাঁচজন পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আদালতের পরোয়ানা নিষ্পত্তির অংশ হিসেবে মোট ১০টি পরোয়ানা তামিল ও রিকল করা হয়েছে। এর মধ্যে জিআর পরোয়ানা তামিল দুটি, সিআর পরোয়ানা তামিল পাঁচটি এবং সিআর পরোয়ানা রিকল তিনটি।
এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেলের বিরুদ্ধে নয়টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় চারটি মোটরসাইকেল আটক এবং ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।