ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ১৫ বছর ৭ মাসের শাসনামলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। একই পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, প্রায় ২২ হাজার পুলিশ সদস্যের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই)।
বাকিদের মধ্যে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হওয়া কর্মকর্তাও আছেন। ---- সূত্র, টাইমস অব বাংলাদেশ
আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হওয়ার পর এই নজরদারি শুরু হলো। রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের একটি আদালত তাকে রিমান্ডে পাঠিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানানোর পর একের পর এক ঘটনার জেরে জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। এর আগে হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রকিবুল ইসলামকে প্রথমে প্রত্যাহার ও পরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনিরা টাইমসকে বলেন, ‘বাহিনীর ভেতরে কেউ নিষিদ্ধ কোনো সংগঠনের কারো সঙ্গে যোগাযোগ রাখছেন—এমন তথ্য বা অভিযোগ পেলে তা তদন্ত করা হয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়।
সাম্প্রতিক এসব ঘটনার কারণে পুলিশ বাহিনীর ওপর নতুন করে নজরদারি বেড়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকারের নয় মাসে নানা উদ্যোগ নেওয়া হলেও বাহিনীটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া বা সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে কাজে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এতে বাহিনীর কাজের গতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অন্তর্বর্তী ও বর্তমান সরকার এখন পর্যন্ত ১৭৪ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, বিভিন্ন পদের অন্তত ১০০ কর্মকর্তাকে ওএসডি করেছে। তবুও পুলিশের কাজের মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, পুলিশ কর্মকর্তারা কোনো দলের নয়, রাষ্ট্রের সেবা করতে বাধ্য। যারা এই নিয়ম ভাঙবেন, তাদের চাকরিতে থাকার অধিকার নেই।
তবে সাবেক আইজিপি বাহারুল আলম ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ আর রাষ্ট্রের জন্য ক্ষতিকর কাজের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেন, ‘যারা মনে মনে কোনো দলের প্রতি সহানুভূতি রাখেন, সেটি আলাদা বিষয়। কিন্তু তারা বর্তমান সরকার ফেলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারবেন—এমনটা ভাবার সুযোগ নেই।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ওমর ফারুক মনে করেন, অতীতের রাজনৈতিক প্রভাব শুধু পুলিশে নয়, প্রশাসনের অন্য স্তরেও ছড়িয়েছিল। তাই এমন ব্যক্তিদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে এবং তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে। পুলিশ ও প্রশাসন কোনো দলের নয়, রাষ্ট্রের প্রতিষ্ঠান—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সরকার বদলালেও রাষ্ট্রের প্রতি তাদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা ধরে রাখতে হবে।