শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তদন্ত চলাকালে সংসদে আগাম বক্তব্যে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নুসরাত তাবাসসুমের

মনিরুল ইসলাম : নিজের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে তদন্ত শেষ হওয়ার আগেই ‘শর্ট সার্কিট’ এবং বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে সংসদে উপস্থাপনের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, তদন্ত চলাকালে আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিদের আগাম ও বিভ্রান্তিকর বক্তব্য সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের পথ বাধাগ্রস্ত করতে পারে।

আজ রোববার ১৫ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নুসরাত তাবাসসুম বলেন, তার পরিবারের ওপর সংঘটিত নাশকতার ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে। অথচ একটি অপরাধ কীভাবে সংঘটিত হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে—এসব প্রশ্নের নিরপেক্ষ অনুসন্ধানই হওয়া উচিত তদন্তের মূল লক্ষ্য।

নিজের বাড়িতে আগুন দেওয়ার রাতের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, মধ্যরাতে যখন অগ্নিসংযোগ করা হয়, তখন সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে যেতে এবং একই সঙ্গে বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনের মধ্য থেকে নারী ও শিশুরা দৌড়ে বেরিয়ে আসেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে যান।

Advertisement

তার দাবি, আগুনের সময়ও বাড়ির দেয়ালে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। এটি শর্ট সার্কিটের তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেন।

সংসদে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে উল্লেখ করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই সংসদ সদস্য। তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল কি না, সেটি বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা কীভাবে ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত। সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের পাশাপাশি তদন্তকারীদের কাছেও পৌঁছেছে। সেখানে বাড়ি থেকে একের পর এক মানুষ বেরিয়ে আসতে দেখা যাওয়ার পরও কীভাবে বাড়িটিকে পরিত্যক্ত বলা হয়, তা তার বোধগম্য নয়।

তিনি বলেন, সংসদে অন্তত পাঁচ থেকে ছয়বার ‘পরিত্যক্ত’ শব্দটি উচ্চারণ করে বিষয়টি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এমনকি বাড়িটি পরিত্যক্ত হলেও সেখানে আগুন-সন্ত্রাস চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তদন্তের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ জানিয়ে নুসরাত তাবাসসুম বলেন, যখন আলামত সংগ্রহ চলছে এবং ঘটনার তদন্ত চলমান, তখন আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা কোনো ব্যক্তির সম্ভাব্য তদন্ত-ফলাফল নিয়ে আগাম মন্তব্য করা উচিত নয়। কারণ, বাংলাদেশের বর্তমান আমলাতান্ত্রিক বাস্তবতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্যকে প্রাধান্য দিয়ে অধস্তন কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন তৈরির প্রবণতা দেখাতে পারেন। এতে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, সংসদের সহকর্মীদের কাছ থেকে এ ধরনের সংবেদনশীল ঘটনায় আরও দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা প্রত্যাশা করেছিলেন। তদন্ত চলছে—এ কথা বলাই যথেষ্ট ছিল। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই কোনো একটি ব্যাখ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

ঘটনার পর হামলাকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস ও দায় স্বীকারের প্রসঙ্গ তুলে ধরে নুসরাত বলেন, সন্ত্রাসীরা ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসে উল্লাস করেছে এবং দায় স্বীকার করেছে বলে তিনি অভিযোগ করছেন। তাকে ঘটনার আগে ও পরে হুমকি দিয়ে বলা হয়েছে, তার ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’। এ অবস্থায় অভিযুক্তদের প্রতি মানবতা দেখানো কিংবা তাদের দায়মুক্তির সুযোগ তৈরি করার চেষ্টা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া ভরদুপুরে সংঘটিত ককটেল হামলাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপনের সমালোচনা করেন এই সংসদ সদস্য।

বক্তব্যের একপর্যায়ে স্পিকার তাকে মূল বিষয়ের মধ্যে থাকার অনুরোধ জানান। পরে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে নুসরাত বলেন, তার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, একই ধরনের প্যাটার্নে গোপালগঞ্জে সহিংসতা চলছে। সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসের ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রকাশ্যে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রাণ নিয়ে পালানোর হুমকি দেওয়া হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে যারা সম্মুখসারিতে ছিলেন, তারাই এখন মূলত হামলা ও হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নিজের ও পরিবারের নিরাপত্তার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সব অগ্রসৈনিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নুসরাত তাবাসসুম। একই সঙ্গে নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কবে এবং কীভাবে নিশ্চিত করা হবে, মহান সংসদের কাছে সেই প্রশ্ন রাখেন তিনি।

স্পিকারের আশ্বাস

নুসরাত তাবাসসুমের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আশ্বস্ত করেন। স্পিকার বলেন, বিষয়টি সংসদে উত্থাপনের সময় তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন। সংসদের প্রতিটি সদস্য তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ঘটনাটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন।

স্পিকার আরও জানান, এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

  • সর্বশেষ