স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড এশিয়া কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকেরা।
আজ রোববার (১৫ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান করে পাকিস্তান। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৭.১ ওভারে মাত্র ১১৮ রানে।
পাকিস্তানের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার তালহা ইকবাল ও বদর মুনির। তালহা ৩৩ বলে ৬৮ রান করে ফিরলেও ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বদর। তাঁর ইনিংসে ছিল ১২টি চার। শেষ দিকে কামরান আখতার ২২ বলে ৩৭ রান করে দলের সংগ্রহ আড়াই শ ছোঁয়ার কাছাকাছি নিয়ে যান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আবিদ হাসান রাব্বি। একটি করে উইকেট পান মো. সালমান ও সুকেল তঞ্চঙ্গ্যা।
২৪৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় জুটি গড়তে পারেনি স্বাগতিকেরা। ওপেনার মো. সালমান ৩৫ বলে ৩৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার। মো. তাহাফিজ করেন ১৫ বলে ১৯ রান। শেষ পর্যন্ত ১১৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের হয়ে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন কামরান আখতার। দুটি উইকেট শিকার করেন বদর মুনির। ব্যাট হাতে ৮২ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি বল হাতেও দুটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।