স্পোর্টস ডেস্ক: বৃষ্টি ও মন্দ আলোয় পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্টে নষ্ট হয়েছে ১৪১ ওভার। শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচ। এমন পরিস্থিতি এড়াতে আইসিসির নতুন নিয়ম কাজে লাগিয়ে দিনের টেস্টেও গোলাপি বলে খেলার পক্ষে পাকিস্তানের কোচ মাইক হেসন। অধিনায়ক বাবর আজমেরও আপত্তি নেই। তবে এ জন্য দুই দলের সম্মতি প্রয়োজন।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, বৃষ্টি কিংবা আলোর স্বল্পতায় খেলা ব্যাহত হলে দুই দল সম্মতিতে দিনের টেস্টেও গোলাপি বল ব্যবহার করতে পারবে। পাকিস্তান কোচ মনে করেন, বছরের নির্দিষ্ট সময়ে দেশটিতে টেস্টের পুরো সময় খেলা চালানো কঠিন। তাই নতুন নিয়মের বিকল্পটি নিয়ে ভাবা উচিত।
হেসন বলেন, ভবিষ্যতের সিরিজগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। পাকিস্তানের যেখানেই খেলা হোক, বছরের এই সময়ে পুরো দিনের খেলা হওয়া কঠিন। আইসিসি একটি বিকল্প দিয়েছে, সেটি কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করা উচিত।
গোলাপি বলে খেলতে রাজি বাবরও। তবে এ জন্য পর্যাপ্ত প্রস্তুতির ওপর জোর দিয়েছেন তিনি। পাকিস্তান অধিনায়কের মতে, লাল বলের অভ্যাস থেকে গোলাপি বলে মানিয়ে নিতে অন্তত দুই দিনের বেশি প্রস্তুতি প্রয়োজন।
দ্বিতীয় টেস্ট গোলাপি বলে আয়োজনের বিষয়ে দুই বোর্ডের আলোচনা হয়েছিল। তবে ম্যাচটি লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে। টেস্ট শুরুর আগে হাতে মাত্র তিন দিন থাকায় গোলাপি বলে প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দ্বিতীয় টেস্টও লাল বলেই খেলবে দুই দল।