স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। তবে প্রথম ৫ বলে ৫ রান দিয়ে ম্যাচটি পাকিস্তানের পক্ষেই রেখেছিলেন আহমেদ হুসাইন। কিন্তু মোহিত উলভা ভেবে রেখেছিলেন অন্য কিছু। শেষ বলে বাউন্ডারি মেরে ভারতকে দারুণ জয় এনে দেন তিনি। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় ভারত।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে শেষ বলে এসে ১ উইকেটের জয় পায় ভারত। -- ডেইলি ক্রিকেট
ওমানের আল আমারাত স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে পাকিস্তান। ভারতের বোলারদের দারুণভাবে সামাল দেন দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। ২৩ বলে ২১ রান করে ফেরেন হায়াম। তাতে ভাঙে দুজনের ৬২ রানের জুটি।
এরপর উইকেটে আসা আব্দুল কাদিরকে নিয়ে লড়াই চালিয়ে যান উসমান খান। দুজনেই ভারতের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান। ৫৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন কাদির। উসমান পেয়েছেন সেঞ্চুরির দেখা। তার ব্যাট থেকে আসে ১১১ বলে ১০৭ রান। এছাড়াও ফিফটির দেখা পেয়েছেন ফারহান ইউসুফ। ৬০ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।
ভারতের হয়ে ১০ ওভারে ৬৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন কাভ্য পারেশ প্যাটেল। এছাড়াও তিনটি উইকেট শিকার করেছেন চিগুরুপাতি ভেনকাটা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন দু্ই ওপেনার লাকশিয়া রাইচানদানি ও আর্যবীর শেবাগ। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ৯৫ রান। ৬১ বলে ৫৮ রান করেন আর্যবীর। আরেক ওপেনার রাইচানদানি খেলেন ১০১ বলে ৮০ রানের ইনিংস।
তবে এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। ভিকে ভিনেত, অর্জুন রাজপুত, ইয়াশবর্ধন চৌহানরা দ্রুত ফেরেন। তবে মানাল চৌহান ও মোহিত উলভা মিলে প্রতিরোধ গড়েন। দুজনেই করেন আক্রমণাত্মক ব্যাটিং। ৩২ বলে ৪৭ রান করেন মানাল। আর ভারতকে জিতিয়ে মাঠ ছাড়া মোহিত অপরাজিত ছিলেন ২৬ বলে ৪৯ রানে। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিজওয়ানুল্লাহ।