শিরোনাম
◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে

ভারতের অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সংক্রান্ত তথ্যের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনের বিষয়টি এখনো বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিশেষ করে তিনি আসলেই ডিসেম্বরেই ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা, অথবা তার আইনি পরামর্শকরা যে আবেদন দিল্লিতে করেছে তার কোনো জবাব বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত দেয় কিনা তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

তবে এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভারত-বাংলাদেশ পঞ্চম দফার কনস্যুলার বৈঠক স্থগিত হওয়ার খবর।

যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে বৈঠকটি স্থগিত হওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ই-মেইল আবেদনের আগেই হয়েছে। তারপরেও এটি সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতার বহিঃপ্রকাশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে।

Advertisement

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমকে বলেছেন, কনস্যুলার সংলাপ অক্টোবরের শেষে ঢাকায় হওয়ার কথা ছিল তবে দুই দেশের আলোচনার মাধ্যমেই তা পেছানো হয়েছিল। এখন বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় চলতি মাসের শেষে তারিখ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ভারত-বাংলাদেশের পরবর্তী কনস্যুলার সংলাপ পারস্পরিক সুবিধাজনক একটি তারিখে অনুষ্ঠিত হবে। এ সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থা-সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে। ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

যদিও কনস্যুলার বৈঠক বা সংলাপটি স্থগিত হওয়ার খবর এমন সময় প্রকাশ পেল যখন পাসপোর্ট এবং পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় তথ্যের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের আবেদন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে গতি এসেছিল তাতে কিছুটা স্থবিরতা এনে দিয়েছে 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা' সংক্রান্ত ঘটনাপ্রবাহ।

এর ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দু দেশের মধ্যে যে প্রস্তুতি চলছিল তার গতিও ধীর হবে বলে মনে করছেন মি. রহমান।

এদিকে এসব ঘটনাপ্রবাহের মধ্যেই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে খবর দিচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম গুলো।

বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে বেসরকারি একটি বার্তা সংস্থার বরাতেও এই খবর প্রকাশ করেছে যে বৃহস্পতিবার সকালে ওই বৈঠকটি হয়েছে। যদিও বৈঠকের বিস্তারিত কোনো কিছু এখনো প্রকাশ করা হয়নি। এমনকি এর সাথে শেখ হাসিনা ইস্যুর কোনো সম্পৃক্ততা আছে কি-না তাও স্পষ্ট নয়।

সম্পর্কে নতুন সংকট?

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

তবে বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা-দিল্লি, দুই পক্ষ থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা অনেক ক্ষেত্রেই দৃশ্যমান হয়ে উঠেছিল।

বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতি এবং তারও আগে ২০২৫ সালের ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পরে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লী সফর করেন। সব মিলিয়ে দুই দেশের পক্ষ থেকেই আস্থা বৃদ্ধির চেষ্টা দেখা গেছে।

কিন্তু এর মধ্যেই দুই সরকারের মধ্যে অস্বস্তির বড় বিষয় হয়ে দাঁড়ায় দিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের ঘটনা।

পাঁচই অগাস্ট নয়া দিল্লিতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসি সাউথ এশিয়া ওই সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে পরপরই শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার দিনেই রাতে কড়া ভাষায় একটি বিবৃতি দিয়ে তারেক রহমানের সফর 'আপাতত বাতিল করে' বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার অবশ্য বলেছে ওই সংবাদ সম্মেলনের সাথে তাদের কোনো যোগসূত্র নেই।

ওদিকে ভারতের বিজেপি দলীয় রাজনীতিক দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে আসার পর গত ১০ই অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতের ঘটনাও দুই দেশের সম্পর্ক উন্নয়নের পূর্বাভাস হিসেবে অনেকের কাছে বিবেচিত হচ্ছিল।

এর আগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরুর দিনেই তিনি দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা আবেদন চালু করেছিলেন।

যদিও বিএনপি সরকার শুরু থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি করে আসছিল ভারতের কাছে আর ভারত সবসময়ই বলে আসছে যে তারা যথাযথ আইনি প্রক্রিয়াতেই অগ্রসর হতে চাইছে।

গত অগাস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর ইস্যুতে ঢাকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, এজন্য 'অনুকূল পরিবেশ' দরকার।

''দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে,'' বলেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

আবার এর মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ কিছু ইস্যুতে পর্দার অন্তরালে কাজও শুরু করে দুই দেশ। ওই চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে। ফলে ওই চুক্তি নবায়ন বা নতুন করে চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর করা যায় কিনা সেই আলোচনাও আছে।

এর মধ্যেই গত সপ্তাহে শেখ হাসিনার পক্ষ থেকে তার আইনি দল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ সরকার।

গত জুলাই মাসে রয়টার্সের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে কোনো নির্দিষ্ট দিনতারিখ তিনি এখনো জানাননি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবরের মতো এবারেও বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতাতেই ফিরতে হবে। এর প্রতিক্রিয়ায় ভারত যথারীতি আইনি প্রক্রিয়া অনুসরণ করার কথা বলেছে।

কিন্তু এর মধ্যেই বিবিসি বাংলার এক খবরেই বলা হয়েছে যে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের দুটো শর্ত রয়েছে।

এর একটি হলো- কিন্তু বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্রাফট যেভাবে শেখ হাসিনাকে ভারতে নিয়ে গিয়েছিল সেভাবেই ভারত থেকে নিয়ে আসতে হবে। তবে সেটি আকাশপথ কিংবা স্থলপথেও হতে পারে।

আর দ্বিতীয়টি হলো- শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক চলার মধ্যেই নতুন করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কন্যসুলার সংলাপ স্থগিত হওয়ার খবর এল।

ফলে প্রশ্ন উঠছে, দিনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হয়ে ঢাকায় আসার পর ভিসা আবেদন চালুসহ কিছু পদক্ষেপ দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টাকে যতটা এগিয়ে নিয়েছিল সেখানে নতুন কোন জটিলতা তৈরি হলো কিনা বা দুই দেশের সম্পর্ক আবার একটি সংকটে পড়ল কিনা।

সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান বলছেন, দুই দেশের সম্পর্কের অনেকগুলো ডায়নামিকস আছে- যার একটি হলো পলিটিক্যাল বা রাজনৈতিক।

"আমার মনে হয় ভিসা আবেদন চালু হওয়ার হওয়ার পর মানুষ আসা-যাওয়া করছে। পর্যটক ও ব্যবসায়ীরা আসা যাওয়া করতে পারছেন। আবার কর্মকর্তা পর্যায়েও দুই দেশের মধ্যকার যোগাযোগ আছে। শুধু পলিটিক্যাল ডায়নামিকসটাই মিসিং এখানে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

মি. রহমান বলেন, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে আসার পর সম্পর্ক একটা গতি পেয়েছিল কিন্তু সেটির অবনতি হয়েছিলে শেখ হাসিনার ৫ই অগাস্টে করা ভার্চুয়াল সংবাদ সম্মেলন।

"এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি যেটুকু এগুচ্ছিল সেখানে সাবেক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে চলমান ঘটনাবলীকে জটিলতা তৈরি হওয়ায় সম্পর্ক উন্নয়ন গতি ধীর হয়েছে বলাই যায়," বলছিলেন তিনি।

সূত্র : বিবিসি বাংলা 

  • সর্বশেষ