শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে মিথ্যা তথ্য দিলে কি শাস্তি পাবেন মন্ত্রী-এমপিরা?

জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরাম। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রীরা সংসদে বক্তব্য রাখেন, প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন এবং তাদের মাধ্যমেই আইন প্রণীত হয়। প্রশ্ন হচ্ছে, তারা কি সংসদে কোনও অসত্য তথ্য উপস্থাপন করতে পারেন? আর যদি তা করেনও, তাহলে মন্ত্রী বা এমপিদের বিরুদ্ধে শাস্তির কোনও বিধান আছে কি না, জনমনে এমন কৌতূহল রয়েছে। যদিও সংবিধানে এই প্রশ্নের সুরাহা বলা আছে।

জাতীয় সংসদে কোনও মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য  অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দিলে তার বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান নেই। তবে জাতীয় সংসদে জেনেশুনে অসত্য তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করলে— বিষয়টি সংসদীয় বিশেষাধিকার প্রশ্ন হিসেবে উত্থাপন করা যেতে পারে। এ ক্ষেত্রে সংসদ বিষয়টি বিবেচনা করতে পারে, অথবা তদন্তের জন্য বিশেষাধিকার কমিটিতে পাঠাতে পারে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৬৩ থেকে ১৬৯ এবং ২৪১ বিধিতে এ বিষয়ে প্রক্রিয়া উল্লেখ রয়েছে।

সংসদীয় কার্যপ্রণালি বিধির ১৬৩ বিধিতে বলা হয়েছে— সংসদ সদস্য, সংসদ কিংবা সংসদের কোনও কমিটির বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে কোনও সদস্য বিশেষাধিকার প্রশ্ন উত্থাপন করতে পারবেন।

কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধি অনুযায়ী, বিশেষাধিকার প্রশ্ন তুলতে আগ্রহী সদস্যকে সংশ্লিষ্ট অধিবেশন শুরুর অন্তত দুই ঘণ্টা আগে সংসদ সচিবের কাছে লিখিত নোটিশ দিতে হবে। অভিযোগের ভিত্তি কোনও দলিল হলে নোটিশের সঙ্গে সেই দলিলও দিতে হবে। তবে বিষয়টি জরুরি মনে করলে স্পিকার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর অধিবেশন চলাকালেই এ প্রশ্ন তোলার অনুমতি দিতে পারেন।

Advertisement

কার্যপ্রণালী বিধির ১৬৫ বিধিতে বিশেষাধিকার প্রশ্ন গ্রহণযোগ্য হওয়ার কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, অভিযোগটি সাম্প্রতিক ও সুনির্দিষ্ট ঘটনা নিয়ে হতে হবে এবং যত দ্রুত সম্ভব উত্থাপন করতে হবে। বিষয়টি এমন হতে হবে, যাতে সংসদের হস্তক্ষেপ প্রয়োজন হয়।

কার্যপ্রণালী বিধির ১৬৬ বিধি অনুযায়ী, স্পিকার বিষয়টিকে আলোচনার উপযোগী মনে করলে সংশ্লিষ্ট সদস্যকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন। এ বিষয়ে আপত্তি উঠলে অন্তত ১৫ জন সদস্যকে দাঁড়িয়ে সমর্থন জানাতে হবে। তা না হলে বিশেষাধিকার প্রশ্ন আলোচনার অনুমতি পাবে না।

বিশেষাধিকার কমিটিতে তদন্ত

বিশেষাধিকার প্রশ্ন সংসদে উত্থাপনের অনুমতি পাওয়ার পর কার্যপ্রণালী বিধির ১৬৮ বিধি অনুযায়ী সংসদ নিজেই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে। অথবা কোনও সদস্যের প্রস্তাবে বিষয়টি বিশেষাধিকার কমিটিতে পাঠাতে পারে।

এ ছাড়া কার্যপ্রণালী বিধির ১৬৯ বিধিতে স্পিকারকে বিশেষাধিকার প্রশ্ন তদন্ত ও প্রতিবেদন দেওয়ার জন্য সংসদের বিশেষাধিকার কমিটিতে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে।

বিশেষাধিকার কমিটির দায়িত্ব সম্পর্কে কার্যপ্রণালী বিধির ২৪১ বিধিতে বলা হয়েছে, কমিটি তার কাছে পাঠানো প্রতিটি অভিযোগ পরীক্ষা করবে। সংশ্লিষ্ট ঘটনার তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশেষাধিকার লঙ্ঘন হয়েছে কি না, হয়ে থাকলে তার ধরন ও ঘটনার পেছনের পরিস্থিতি নির্ধারণ করে প্রয়োজনীয় সুপারিশ করবে।

বিধিটিতে আরও বলা হয়েছে, কমিটির প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়নে সংসদকে কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটিও উল্লেখ করা যেতে পারে।

সংবিধানে কী বলা আছে

জাতীয় সংসদে অসত্য তথ্য দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের ৭৮ অনুচ্ছেদও গুরুত্বপূর্ণ। এর ৩ উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ সদস্য সংসদে বা সংসদের কোনও কমিটিতে দেওয়া বক্তব্য কিংবা ভোটের জন্য কোনও আদালতের কার্যধারার মুখোমুখি হবেন না।

সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ৫ উপ-অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ ও সংসদীয় কমিটির বিশেষাধিকার এবং সদস্যদের দায়মুক্তি সংসদ প্রণীত আইনের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে।

অর্থাৎ, সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংসদ সদস্যের বিরুদ্ধে সরাসরি আদালতে কার্যধারা নেওয়ার সাংবিধানিক সুরক্ষা থাকলেও সংসদের ভেতরে জবাবদিহির সুযোগ রয়েছে। তবে মন্ত্রীর বক্তব্য ভুল প্রমাণিত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে বিশেষাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হবে না। বক্তব্যটি ইচ্ছাকৃতভাবে সংসদকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কি না, তা প্রমাণ ও সংসদের বিবেচনার বিষয়।

সরকারি প্রতিশ্রুতি ও অসত্য তথ্য এক বিষয় নয়

সংসদে মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং সংসদে অসত্য তথ্য দেওয়া এক বিষয় নয়। কার্যপ্রণালী বিধির ২৪৪ বিধিতে সরকারি প্রতিশ্রুতি কমিটির দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এ কমিটি মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি, আশ্বাস ও অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে কি না, তা পরীক্ষা করে। অন্যদিকে, সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অসত্য বা বিভ্রান্তিকর বলে অভিযোগ উঠলে পরিস্থিতি অনুযায়ী বিশেষাধিকার প্রশ্ন উত্থাপন এবং বিশেষাধিকার কমিটির মাধ্যমে তা পরীক্ষা করার সুযোগ রয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ