শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাসস: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না।

Advertisement

সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়।

এজন্য তিনি প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একইসাথে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মন মানসিকতার পরিবর্তন দরকার।

স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব।

এ সময় রাষ্ট্রপতি পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর জন্য দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

আন্তর্জাতিক সেমিনার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রস্থোডোনোটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।

  • সর্বশেষ