মনিরুল ইসলাম : জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলে পৌঁছান। বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া ত্যাগ করার সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা প্রস্তাব
গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কপ-৩১ সম্মেলন ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ, কূটনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।
এরদোয়ান-আলবানিজসহ বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক
সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।
চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের জলবায়ু অভিযোজন, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
উজবেকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তারেক রহমান।
বৈঠকে উজবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে নতুন বছরে উজবেকিস্তান সফরের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ তুলে ধরলেন জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডা. জুবাইদা রহমানও সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া কপ-৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।
আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেন ডা. জুবাইদা রহমান।
কূটনৈতিক সম্পর্ক ও জলবায়ু সহযোগিতায় গুরুত্ব
বিশ্লেষণ করলে দেখা যায়, প্রধানমন্ত্রীর এবারের তুরস্ক সফরের আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থও বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে চীন ও অস্ট্রেলিয়ার সঙ্গে বিনিয়োগ, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং উজবেকিস্তানের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ।
একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের কাছ থেকে সহযোগিতা আদায়ের বিষয়টিও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।