স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে অসংখ্য কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বিনোদন জগতে নতুন ইনিংস শুরু করলেন পর্তুগিজ মহাতারকা। প্রযোজক ও অভিনেতা হিসেবে তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।
ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছেন রোনালদো। ২০২৫ সালে দুজন মিলে গড়ে তোলেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ভন।
ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ডে ওয়ানস’। স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটির গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির নানা জটিলতা সামলাতে দেখা যাবে তাঁকে। এই চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস।
সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভও। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে তৈরি হয়েছে এর গল্প। একসময় অঁরির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডেইন।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে। ইনস্টাগ্রামে নির্মাণকাজ শুরুর খবর জানিয়ে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’
পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তবে সিরিজটির মুক্তির তারিখ, প্রচারমাধ্যম কিংবা পর্বসংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।