স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তাঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু টুর্নামেন্ট নয়, বিশ্বকাপের আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।
খেলোয়াড়দের চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউএস সকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনূর্ধ্ব-১৭ দলের প্রস্তুতি ক্যাম্প ও বিশ্বকাপে অংশগ্রহণ—দুটিই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা কাতারবিষয়ক ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতাকে গুরুত্ব দিয়েছে ফেডারেশন। পাশাপাশি কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য দেওয়া নিরাপত্তা নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
বুধবারের মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তটি জানানোর কথা রয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের মূল কারণ। গত মাসে কাতার ভ্রমণসংক্রান্ত সতর্কতা হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ৪৮ দলের এই প্রতিযোগিতায় ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও আলজেরিয়া। আগের আসরে শেষ ৩২-এ খেলেছিল যুক্তরাষ্ট্রের যুবারা।