আগামী ১৬ ডিসেম্বর আংশিক চালুর অপেক্ষায় থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের লাগেজ ভোগান্তি দূর করতে আসছে আমূল পরিবর্তন। বিমানবন্দরটিতে আধুনিক ও দ্রুতগতির লাগেজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে রিয়েল টাইম স্ক্যানিং, ডিজিটাল ট্র্যাকিং এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি চালুর প্রস্তাব দিয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দৌড়ে এগিয়ে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।
সাধারণত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান অনেকাংশেই নির্ভর করে উড়োজাহাজ থেকে নামার পর কত দ্রুত যাত্রীর হাতে লাগেজ পৌঁছায়, তার ওপর। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে নতুন এই টার্মিনালে দ্বিতীয় প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের প্রতিযোগিতায় রয়েছে চারটি বিশ্বমানের প্রতিষ্ঠান- যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন ও সংযুক্ত আরব আমিরাতের ডানাটা। এর মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে মেনজিস ও সুইসপোর্ট।
মেনজিস এভিয়েশনের তিন স্তর প্রযুক্তি
এদিকে লাগেজ ব্যবস্থাপনায় গতি, নির্ভুলতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় থাকা যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন লাগেজের রিয়েল টাইম স্ক্যানিং, ডিজিটাল ট্র্যাকিং এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব প্রযুক্তির মাধ্যমে লাগেজের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা, পরিবহন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং লাগেজ হারানো বা বিলম্বিত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
মেনজিস দাবি করেছে, তাদের রিয়েল টাইম স্ক্যানিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় বড় আকারের (ওয়াইডবডি) উড়োজাহাজ অবতরণের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ এবং সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে শেষ লাগেজ যাত্রীর হাতে পৌঁছে দেওয়া সম্ভব।
মেনজিস জানায়, ডিজিটাল প্রযুক্তির সাহায্যে প্রতিটি ধাপে লাগেজ স্ক্যান করা হলে সেটির সঠিক অবস্থান সম্পর্কে তৎক্ষণাৎ জানা যায়। এর ফলে কোনো লাগেজ কোথায় আটকে আছে বা নির্ধারিত সময়ের চেয়ে দেরি হচ্ছে কি না, তা দ্রুত শনাক্ত করা সহজ হয়। পাশাপাশি, ব্যাগেজ রিকনসিলিয়েশন সিস্টেমের (বিআরএস) মাধ্যমে বিমানে তোলা লাগেজের সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীদের তথ্য মিলিয়ে দেখা সম্ভব, যা একদিকে যেমন নিরাপত্তা জোরদার করে, অন্যদিকে ভুল বিমানে লাগেজ ওঠার ঝুঁকিও কমিয়ে আনে।
এ বিষয়ে মেনজিস এভিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন্স জন হেন্ডারসন ঢাকা পোস্টকে জানান, বাংলাদেশে কাজ করার সুযোগ পেলে তারা সর্বাধুনিক ব্যাগেজ রিকনসিলিয়েশন প্রযুক্তি ব্যবহার করবেন।
প্রতিষ্ঠানটি তাদের দাবির পক্ষে ইতালির মিলান মালপেনসা বিমানবন্দরের উদাহরণ দিয়ে জানায়, সেখানে ডিজিটাল স্ক্যানিং প্রযুক্তি চালুর পর বিমানে না ওঠা বা ভুলবশত বাদ পড়ে যাওয়া লাগেজের সংখ্যা ৭০ শতাংশ কমে গেছে। চেক-ইন থেকে শুরু করে বিমানে তোলা পর্যন্ত প্রতিটি পর্যায়ে লাগেজের অবস্থান ট্র্যাক করার কারণে যেকোনো সমস্যা আগেভাগেই সমাধান করা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৫টি দেশের প্রায় ৩৫০টি বিমানবন্দরে বর্তমানে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া বছরে প্রায় ১৬ লাখ উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড এবং ২৪ লাখ টন কার্গো সফলভাবে ব্যবস্থাপনার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে তাদের।
তৃতীয় টার্মিনালের মতো আধুনিক স্থাপনা নির্মাণের পাশাপাশি এর পরিচালন ব্যবস্থাও আন্তর্জাতিক মানের হতে হবে। বিশেষ করে লাগেজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে একাধিক অপারেটর থাকলে প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। তবে যে প্রতিষ্ঠানই দায়িত্ব পাক, তাদের সেবার মান, নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শেষ পর্যন্ত যাত্রী যেন দ্রুত ও নিরাপদে তার লাগেজ পান, সেটিই হওয়া উচিত মূল বিবেচনা----এম মফিদুর রহমান, সাবেক চেয়ারম্যান (বেবিচক)
মেনজিস দাবি করেছে, তাদের রিয়েল টাইম স্ক্যানিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় বড় আকারের (ওয়াইডবডি) উড়োজাহাজ অবতরণের মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ এবং সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে শেষ লাগেজ যাত্রীর হাতে পৌঁছে দেওয়া সম্ভব। পাশাপাশি, তাদের আধুনিক রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যেকোনো সময় তাৎক্ষণিক পরিচালন তথ্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে। যার মধ্যে লাগেজ সরবরাহের সময়, উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড এবং সময়মতো ফ্লাইট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সূচক অন্তর্ভুক্ত থাকবে।
চেলেবির লক্ষ্য বিশ্বমানের বিমানবন্দরে রূপান্তর
মেনজিসের আরেক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান চেলেবি জানিয়েছে, দায়িত্ব পেলে নির্ধারিত সেবার মানদণ্ড পূরণ করাই হবে তাদের মূল অগ্রাধিকার। শুরু থেকেই আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির লক্ষ্য ঢাকাকে বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরগুলোর সমপর্যায়ের করে তোলা এবং কোনো কোনো ক্ষেত্রে সেই মান ছাড়িয়ে যাওয়া।
তবে ব্যাগেজ সরবরাহের গতি কেবল গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ওপর পুরোপুরি নির্ভর করে না- এ বিষয়টিও স্পষ্ট করেছে চেলেবি।
তুরস্কের এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিমানবন্দরের নিজস্ব অবকাঠামোগত সীমাবদ্ধতা, কঠোর নিরাপত্তার বাধ্যবাধকতা এবং উড়োজাহাজের সার্বিক বিলম্বও এতে প্রভাব ফেলে।
এসব সীমাবদ্ধতার বাইরে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণাধীন কার্যক্রমে নির্ধারিত মানের চেয়েও সেরা সেবা দেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এককভাবে যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে নতুন করে দ্বিতীয় অপারেটর যুক্ত হলে এ খাতে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং সেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালের মতো আধুনিক স্থাপনা নির্মাণের পাশাপাশি এর পরিচালন ব্যবস্থাও আন্তর্জাতিক মানের হতে হবে। বিশেষ করে লাগেজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে একাধিক অপারেটর থাকলে প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। তবে যে প্রতিষ্ঠানই দায়িত্ব পাক, তাদের সেবার মান, নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শেষ পর্যন্ত যাত্রী যেন দ্রুত ও নিরাপদে তার লাগেজ পান, সেটিই হওয়া উচিত মূল বিবেচনা।
সূত্র : ঢাকা পোস্ট