স্পোর্টস ডেস্ক : আইপিএলে আরও দুটি দল যোগ হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। ২০২৮ সাল থেকে ১০ দলের টুর্নামেন্ট ১২ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—মঙ্গলবার এমন খবর প্রকাশ করেছিল একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। তবে বুধবার সেই খবর সরাসরি নাকচ করে দিয়েছে বোর্ড। আপাতত আইপিএলে দলের সংখ্যা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছিল, ২০২৮ সালের আইপিএল থেকেই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে চায় বিসিসিআই। এ জন্য দরপত্র আহ্বানেরও পরিকল্পনা ছিল বোর্ডের। সম্ভাব্য নতুন দল দুটির শহর হিসেবে আলোচনায় আসে মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের ভদোদরা।
পুণেতে এর আগে আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি খেলেছে। অন্যদিকে, ভদোদরাকে ঘিরেও নতুন দল গঠনের সম্ভাবনার কথা বলা হচ্ছিল। গুজরাটে বর্তমানে একটি আইপিএল দল থাকলেও রাজ্যটিতে আরও একটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার আলোচনা সামনে আসে।
তবে এসব খবরের কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন বিসিসিআই সচিব। দেবজিৎ সাইকিয়া বলেন, ‘এ ধরনের কোনও প্রস্তাব নিয়ে আমরা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক—কোনওভাবেই আলোচনা করিনি। এই মুহূর্তে আইপিএলে নতুন দল যোগ হওয়ার কোনও সম্ভাবনা নেই। যারা এসব খবর প্রকাশ করছে, সেগুলো তাদের কল্পনাপ্রসূত।’
আপাতত বোর্ডের সব মনোযোগ ২০২৭ সালের আইপিএল ঘিরে। আগামী আসরটি প্রতিযোগিতার ২০তম বছর। তাই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। তবে টুর্নামেন্টের পরিসর বাড়ানোর বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।