শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুপ কর, তুই পাকিস্তানি : লর্ডসে বর্ণবাদী আচরণের শিকার অস্ট্রেলিয়ান উসমান খাজা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু লর্ডসেও বর্ণবাদের শিকার হতে হয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজাকে। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট চলাকালে এমসিসির এক সদস্যের কাছ থেকে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য শুনতে হয়েছিল তাকে। সম্প্রতি নিজের আত্মজীবনীতে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অস্ট্রেলীয় ক্রিকেটার।

খাজার অভিযোগ, জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পর মধ্যাহ্নবিরতির সময় ঘটনাটি ঘটে। ওই সময় এমসিসির এক সদস্য তাকে উদ্দেশ করে বলেন, ‘চুপ কর, তুই পাকিস্তানি।’ এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিব্রত ও ক্ষুব্ধ হন খাজা। ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ মাঠে এমন অভিজ্ঞতা তাঁর কাছে ছিল অত্যন্ত হতাশাজনক। -- ডেইলি ক্রিকেট

নিজের আত্মজীবনী সবর (Sabr)-এ ঘটনাটির বিস্তারিত তুলে ধরেছেন খাজা। তবে কে ওই মন্তব্য করেছিলেন, তা নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেননি তিনি। তার বর্ণনায় উঠে এসেছে, ক্রিকেট মাঠের বাইরেও কীভাবে একজন খেলোয়াড়কে জাতিগত পরিচয়ের কারণে অপমানের মুখে পড়তে হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। অভিযোগের গুরুত্ব বিবেচনায় ক্লাবের তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে তদন্ত শেষে একজনকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়। অন্য দুজনের একজনকে সাড়ে চার বছর এবং অপরজনকে আড়াই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অ্যাশেজের লর্ডস টেস্টটি আলোচনায় এসেছিল জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের কারণে। ইংল্যান্ডের এই ব্যাটারকে অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি স্টাম্পিং করলে মাঠে উত্তেজনা তৈরি হয়। দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে এ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। সেই ঘটনার মধ্যাহ্নবিরতিতেই খাজার সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে।

  • সর্বশেষ