শিরোনাম
◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০২:২৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডাকাতের গল্পে তাসনিয়া ফারিণ, সঙ্গে আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ

মনিরুল ইসলাম :  জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’। এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত এবং চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

১০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই সিরিজের ঘোষণা দিয়েছে চরকি। প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতেও সিরিজটির সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে।

সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে অভিনয়শিল্পীদের হাতে বন্দুকসহ প্রকাশিত ছবিগুলো দর্শকদের মনে প্রশ্ন তৈরি করেছে—কী ধরনের গল্প নিয়ে আসছে ‘ডাকাতিয়া বাঁশি’?

পরিচালক ইমরাউল রাফাত জানিয়েছেন, সিরিজটির কাজ করতে গিয়ে তাঁকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তাঁর ভাষায়, সিরিজটির ক্রাফটিং কিছুটা কঠিন। প্রতিটি পর্বে ক্লিফহ্যাঙ্গার বা দর্শকের মনে পরবর্তী পর্ব দেখার আগ্রহ তৈরি করার মতো উপাদান রাখতে হয়েছে। ফাইনালি একটি গল্প দাঁড়িয়েছে। সিরিজটিতে অনেক টুইস্ট রয়েছে। সাধারণ গল্পের বাইরে এবার ডার্ক কমেডি জনরায় কাজ করেছেন তিনি। এটি তাঁর জন্যও পরিচিত জনরার বাইরে নতুন চ্যালেঞ্জ।

Advertisement

কিছুদিন বিরতির পর আবারও সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। সিনেমার কাজে ব্যস্ত থাকার কারণে এতদিন সিরিজে সময় দিতে পারেননি তিনি। নতুন এই কাজের জন্য অপেক্ষায় ছিলেন অভিনেত্রী।

সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। চরিত্রটি বেশ আনকমন এবং এর মধ্যে রয়েছে ডার্ক কমেডির নানা উপাদান। এ প্রসঙ্গে ফারিণ বলেন, সিরিজটি ডার্ক কমেডি হলেও তাঁর চরিত্রে রয়েছে অনেক ডার্ক এলিমেন্ট। আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করেননি তিনি। এটি তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

ফারিণের ভাষায়, চরিত্রটি তাঁকে নতুনভাবে নিজেকে তুলে ধরার সুযোগ দেবে। দর্শকরাও এতে ভিন্ন স্বাদের কিছু পাবেন বলে আশা করছেন তিনি।

গান-অভিনয়ে পরিচিত আরফান মৃধা শিবলুকেও দেখা যাবে ‘ডাকাতিয়া বাঁশি’তে। সিরিজের ঘোষণার ছবিতে তাঁর হাতে বন্দুক দেখা গেলেও চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি তিনি।

আরফান বলেন, এটি সহজ কোনো গল্প হবে না। তাঁর চরিত্রে সন্দেহ ও রহস্যের জায়গা রয়েছে। চরিত্রটি একেক সময় একেক রকম হয়ে ওঠে। গল্পের পাশাপাশি তাঁর কাছে ভালো লেগেছে এখানে একটি পারিবারিক গল্পের উপস্থিতিও।

সিরিজটিতে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। তরুণ অভিনেতা পার্থ শেখকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। ফিল্ম-সিরিজে নিয়মিত অভিনয় করলেও এবার ভিন্নধর্মী চরিত্রে কাজের অভিজ্ঞতা হচ্ছে তাঁর।

সিরিজটি নিয়ে পার্থ শেখ জানান, তাঁর চরিত্রে এমন কিছু লেয়ার রয়েছে, যা আগে কখনো করেননি। চিত্রনাট্য পড়তে পড়তে তিনি বুঝতে পেরেছেন, অভিনয়ের জায়গায় নতুন কিছু করার সুযোগ রয়েছে।

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার কিংবা মিস্ট্রি জনরার কাজ প্রায়ই দেখা যায়। তবে ডার্ক কমেডির কাজ তুলনামূলক কম। সেই জায়গা থেকেই নতুন ধরনের গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে চরকি।

তিনি আশা প্রকাশ করেন, ‘ডাকাতিয়া বাঁশি’ দর্শকদের নতুন রকমের বিনোদন দেবে।

অন্যদিকে চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি কোনো নির্দিষ্ট জনরায় সীমাবদ্ধ না থাকলেও দর্শকদের চমকে দিতে পারে। এমনকি দর্শকদের জন্য এটি সারপ্রাইজও হতে পারে।

চরকি জানিয়েছে, সিরিজটি শিগগিরই তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সব মিলিয়ে পরিচিত অভিনয়শিল্পীদের ভিন্নধর্মী চরিত্র, ডার্ক কমেডি, পারিবারিক গল্প, রহস্য ও নানা টুইস্ট নিয়ে ‘ডাকাতিয়া বাঁশি’ কতটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

  • সর্বশেষ