শিরোনাম
◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয়

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব

নাফ নদীর সীমান্তঘেঁষা পাহাড় থেকে সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ পর্যন্ত টেকনাফের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে সশস্ত্র অপরাধীদের একাধিক আস্তানা। দিনের আলোয় সবুজে ঘেরা এসব পাহাড় নিরীহ মনে হলেও সন্ধ্যা নামতেই বদলে যায় দৃশ্যপট। সবার মাঝে নেমে আসে এক ভয়াবহ আতঙ্ক।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের গহীনে চলে অপহরণ, জিম্মি, মুক্তিপণ আদায়, হত্যা, মাদক কারবার ও মানবপাচারের মতো অপরাধ। কাজের প্রলোভন দেখিয়ে মানুষ ধরে এনে আটকে রাখা হয় ঝুপড়িঘরে। পরে লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় সাগরপথে পাচারের জন্য।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে অন্তত ১০টি সশস্ত্র অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপে সদস্যসংখ্যা প্রায় ৫০০। নেতৃত্বে রয়েছেন অন্তত ১০ জন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, তাদের কাছে একে-৪৭, জি-৩সহ মিয়ানমারের বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও বিপুল গোলাবারুদ রয়েছে।

পাহাড়ের দুর্গমতাকে নিরাপদ আশ্রয় বানিয়ে অপরাধীরা গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। সাধারণ মানুষের চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে অভিযান চালাতেও হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সর্বশেষ পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা প্রায় ১২০ জনকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র পাচারকারীদের গুলিতে প্রাণ হারান সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ। এ ঘটনায় পাহাড়কেন্দ্রিক অপরাধজগতের ভয়াবহতা নতুন করে সামনে এসেছে।

Advertisement

অনুসন্ধানে জানা গেছে, হ্নীলা ইউনিয়নে সাদ্দাম হোসেন, মোহাম্মদ আলম, মো. রুবেল, জমির উদ্দিন ও মো. শফি এবং বাহারছড়া ইউনিয়নে মো. রিদুয়ান, মো. জসিম, মো. কেফায়েত, আবদুল আলী ও সৈয়দুল হকের নেতৃত্বে এসব গ্রুপ পরিচালিত হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের নাম গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধী তালিকায় রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মানবপাচার ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। পাহাড়ে অবস্থান করায় তাদের ধরা যাচ্ছে না।

নূরালী পাহাড়ে অপরাধের সাম্রাজ্য

টেকনাফ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি দুর্গম পাহাড়। লোকালয় থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে অবস্থিত পাহাড়টির নাম স্থানীয়দের কাছে ‘নূরালী পাহাড়’। অভিযোগ রয়েছে, এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সশস্ত্র মানবপাচার ও অপহরণকারী চক্রের শক্তিশালী নেটওয়ার্ক।

পাহাড়ের আস্তানাগুলোতে মানুষ জিম্মি করে রাখা, মুক্তিপণ আদায়, নির্যাতন এবং সাগরপথে পাচারের প্রস্তুতি চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি মানুষ বেচাকেনার অভিযোগও রয়েছে। দুর্গম অবস্থানের কারণে অপরাধীদের তৎপরতা নজরদারিতে রাখা এবং অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের ভাষ্য, নূরালী পাহাড়ে মোহাম্মদ আলম ও মোহাম্মদ সাদ্দামকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী অপরাধী নেটওয়ার্ক। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে পশ্চিম লেদা পাহাড়ে সক্রিয় রয়েছেন মো. রুবেল, জমির উদ্দিন ও মো. শফি। তাদের কাছেও ভারী অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ আলম ওরফে ‘ডাকাত আলম’ (৩০) এবং মো. সাদ্দাম ওরফে ‘ডাকাত সাদ্দাম’ (২৮) পাঁচ বছর আগেও ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে ক্যাম্প ও পাহাড়কেন্দ্রিক অপরাধে জড়িয়ে তারা নিজস্ব সশস্ত্র দল গড়ে তোলেন। তাদের প্রতিটি দলে ২০ থেকে ৩০ জন সদস্য রয়েছে বলে অভিযোগ, যাদের অধিকাংশই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়ে পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দারা চরম ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ে আলম ও সাদ্দামসহ একাধিক সশস্ত্র পাচারকারী দল সক্রিয় রয়েছে। তাদের গ্রেফতার করা গেলে পাহাড়কেন্দ্রিক অপরাধ ও আতঙ্ক কমবে, এলাকায় শান্তি ফিরে আসবে।’

বাহারছড়ার পাহাড়েও সশস্ত্র গ্রুপ

হ্নীলার পাশাপাশি বাহারছড়ার পাহাড়েও বিস্তৃত হয়েছে অপরাধীদের তৎপরতা। টেকনাফ সদর ইউনিয়নের শেষ প্রান্ত থেকে বাহারছড়া পর্যন্ত মেরিন ড্রাইভের প্রায় ২০ কিলোমিটার পথের দুই পাশে রয়েছে বিস্তীর্ণ পাহাড়। স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী, রাজারছড়া, কচ্ছপিয়া, বড়ডেইল ও মারিশবনিয়া এলাকার বিভিন্ন পাহাড়ি স্থানে গড়ে উঠেছে সশস্ত্র অপরাধীদের আস্তানা।

এসব আস্তানায় নেতৃত্ব দিচ্ছেন মো. রিদুয়ান, মো. জসিম, মো. কেফায়েত, আবদুল আলী ও সৈয়দুল হক বলে স্থানীয় সূত্রের দাবি। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। পাহাড়কেন্দ্রিক এসব গ্রুপের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, মানবপাচার ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উল্লাহ বলেন, ‘এই পাহাড়ি আস্তানায় পাঁচটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। মূলত তাদের উদ্দেশ্য অর্থ বাণিজ্য। পাহাড়ে অপহরণ করে মানুষ এনে মুক্তিপণ আদায় করা হয়। অন্যথায় পাচারের উদ্দেশ্যে মানুষ বিক্রি করা হয়। অনেক সময় হত্যার ঘটনাও ঘটে। এখানে আমরাও অনিরাপদে আছি। এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। পাহাড়ি সশস্ত্র গ্রুপগুলোকে ধরা না হলে এখানে মানুষ থাকা অসম্ভব হয়ে পড়বে।’

স্থানীয় একাধিক জনপ্রতিনিধির অভিযোগ, নাফ নদী ও সমুদ্রঘেঁষা পাহাড়গুলোতে অপরাধীরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মুক্তিপণ না পেলে হত্যার ঘটনাও ঘটছে। তাদের দাবি, ভারী অস্ত্রের কারণে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তোয়াক্কা করছে না।

পাহাড়ে জিম্মি মানুষ, সাগরপথে পাচারের প্রস্তুতি

গত ৫ নভেম্বর পাহাড়ের গহিনে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রাখার খবর পেয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশ। এ সময় সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হন। তিনি টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। ওই অভিযানে ছয় দালাল আটকসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে সশস্ত্র পাহারাদল পাহারা দিত। সুযোগ পেলেই তাদের সাগরপথে ট্রলারে তুলে পাচারের পরিকল্পনা ছিল।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা জানান, নয়াপাড়া ক্যাম্পের পেছনের পাহাড়ে সশস্ত্র অপরাধীদের আস্তানা রয়েছে। দিনে পাহাড়ে এবং রাতে ক্যাম্পে তাদের আনাগোনা চলে। তাদের অভিযোগ, খুন, ধর্ষণ, ইয়াবা কারবার, মানবপাচার ও অপহরণসহ নানা অপরাধে জড়িত এসব চক্র।

হত্যাকাণ্ডেও জড়াচ্ছে পাহাড়কেন্দ্রিক চক্র

সেনাসদস্য নিহতের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, নূরালী পাহাড় ঘিরে মানবপাচারের পাশাপাশি হত্যাকাণ্ডও ঘটছে। সম্প্রতি মাদকের চালান আত্মসাতের বিরোধে একই পাহাড়ি এলাকায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে।

এর আগে ২০২৫ সালের ৫ নভেম্বর একই পাহাড়ে সাবরাংয়ের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. ইউনুছ সিকদারকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় পাহাড়কেন্দ্রিক অপরাধী চক্রের তৎপরতা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সেনাসদস্য নিহতের প্রতিবাদে টেকনাফে ছাত্র প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিলও করেছেন।

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকার বাসিন্দা নুর আমিন বলেন, ‘শীতের মৌসুম শুরুর পর থেকে পাহাড়কেন্দ্রিক সশস্ত্র পাচারকারীদের আনাগোনা বেড়েছে। রাতে প্রায়ই গুলির শব্দ শোনা যায়। সর্বশেষ পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ব্যক্তিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী, তা সহজেই অনুমেয়।’

পরিচিত অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয়

স্থানীয়দের অভিযোগ, পাহাড়জুড়ে কারা অপরাধের নিয়ন্ত্রণ করছে, তা অনেকেরই জানা। কিন্তু সশস্ত্র অবস্থান ও প্রাণনাশের ভয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘কারা পাহাড়জুড়ে রাজত্ব করছে, অনেকেই তাদের চেনেন। যেখানে সেনাবাহিনীকে গুলি করার স্পর্ধা দেখায়, সেখানে সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না। পাহাড়কেন্দ্রিক অপরাধ বন্ধে সশস্ত্র গ্রুপগুলোর সদস্যদের গ্রেপ্তারের বিকল্প নেই।’

অভিযান অব্যাহত, গ্রেফতার ছয়

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পাহাড়কেন্দ্রিক একাধিক সশস্ত্র অপরাধী গ্রুপ রয়েছে। তাদের মধ্যে ওই গ্রুপগুলো অন্যতম। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘পাহাড়ে সেনাসদস্য নিহতের ঘটনায় আলাদা তিনটি মামলায় শতাধিক আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক প্রধান আসামি রোহিঙ্গা মোহাম্মদসহ ছয়জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।’

সূত্র : বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ