শিরোনাম
◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল ◈ ট্রাভেল পাস নাকি প্রত্যর্পণ চুক্তি, যেভাবে দেশে ফিরতে পারেন হাসিনা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই

আর্সেন ওয়েঙ্গার (বাঁয়ে) ও জিয়ান্নি ইনফান্তিনো (ডানে)

স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। কয়েক সপ্তাহ ধরেই ফরাসি এই ফুটবল ব্যক্তিত্বকে নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। শেষ পর্যন্ত ওয়েঙ্গার প্রার্থী হলে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন পেতে পারে নতুন মাত্রা।

বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৭ বছর বয়সী ওয়েঙ্গার। তবে বয়সের কারণে দীর্ঘমেয়াদে ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার সমর্থকদের ধারণা, নির্বাচনে জয়ী হলে চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়তে পারেন তিনি।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সম্প্রতি বিতর্কে পড়েছিলেন ইনফান্তিনো। শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল হওয়ায় তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় এখনো শক্তিশালী সমর্থন রয়েছে বর্তমান ফিফা সভাপতির।

অন্যদিকে, ওয়েঙ্গার প্রার্থী হলে ইনফান্তিনোর সেই সমর্থনে ভাগ বসাতে পারেন। বিশেষ করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। ইনফান্তিনোর বাণিজ্যিক পরিকল্পনার বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উয়েফা। পাশাপাশি বিশ্ব ফুটবলে ওয়েঙ্গারের পরিচিতি ও গ্রহণযোগ্যতাও নির্বাচনে তার শক্তি হতে পারে।

Advertisement

ওয়েঙ্গারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে তাদের ধারণা, এখনো পুনর্নির্বাচনের দৌড়ে এগিয়ে ইনফান্তিনো। প্রার্থিতা নিশ্চিত করার শেষ সময় ১৮ নভেম্বর। এরই মধ্যে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন টটেনহামের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। গত অক্টোবরে প্রথম প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন তিনি। নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমাও।

ফিফায় দায়িত্ব পালনকালে একাধিক প্রস্তাব দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ওয়েঙ্গার। দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন এবং অফসাইডের ক্ষেত্রে নতুন 'ডেলাইট' নিয়ম চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে আফ্রিকান ফুটবলে তার জনপ্রিয়তা রয়েছে। আর্সেনালের কোচ থাকাকালে আফ্রিকান ফুটবলারদের প্রতি বিশেষ আগ্রহ ও সমর্থনের জন্য পরিচিত ছিলেন ওয়েঙ্গার। ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পক্ষেও তার অবস্থান আফ্রিকার দেশগুলোর কাছে ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে। তার বিশ্বাস, বিশ্বকাপের পরিসর বাড়লে প্রচলিত ফুটবলশক্তির বাইরের দেশগুলোর উন্নয়নের সুযোগ তৈরি হবে।

তবে ইনফান্তিনোর অবস্থানও যথেষ্ট শক্ত। সম্প্রতি আফ্রিকার ৫৪টি সদস্য দেশের সমর্থন পেয়েছেন তিনি। ফুটবলের উন্নয়নে অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতিও তার পুনর্নির্বাচনের সম্ভাবনা জোরালো করেছে। ফলে ওয়েঙ্গার শেষ পর্যন্ত প্রার্থী হলে ইনফান্তিনোর জন্য নির্বাচনী লড়াই সহজ নাও হতে পারে।

  • সর্বশেষ